ছয় হাজার শিক্ষার্থীর পাঠদান চলে মাঠে-বারান্দায়
পাঠদানের অনুপযোগী হওয়ায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা শিক্ষা কার্যালয় দুই বছর আগে এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করে। এসব বিদ্যালয়ের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর পাঠদান চলছে বারান্দা ও মাঠে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৩টি। ২০১৩ সালের মে মাসে উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলীরা এসব বিদ্যালয় ভবন পরিদর্শন করেন। তাঁদের সুপারিশে ওই মাসেই শিক্ষা কার্যালয় এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করে।
সূত্র জানায়, যেসব বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলো হলো—মধ্য দিঘলদী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ দিঘলদী, পশ্চিম বাইশপুর, পশ্চিম মোবারকদি, বোয়ালিয়া, গোবিন্দপুর, নাউজান, পেয়ারীখোলা, আশ্বিনপুর, কাজিয়ারা, খিদিরপুর, নারায়ণপুর, দক্ষিণ পয়ালী, পয়ালী, নাগদা, লামচরী, উত্তর ডিঙাভাঙা, উত্তর নওগাঁও, পূর্ব ধলাইতলী, দক্ষিণ ঘোড়াধারী, মধ্য বাকরা, মধ্য পিংড়া এবং নওগাঁও বালিকা প্রাথমিক বিদ্যালয়।
গত বৃহস্পতিবার মধ্য পিংড়া, পূর্ব ধলাইতলী, বোয়ালিয়া, নাগদা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এসব বিদ্যালয় ভবনের ছাদ ও দেয়ালে একাধিক ফাটল। দেবে গেছে মেঝে ও দেয়াল। শিক্ষার্থীরা বিদ্যালয়ের বারান্দা ও খোলা মাঠে পাঠ নিচ্ছে।
মধ্য পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, তাঁর বিদ্যালয়ের ভবনটি ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে দুই শতাধিক শিক্ষার্থী মাঠে পাঠ নিচ্ছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. তারেক বলে, ‘ক্লাসরুম-বেঞ্চ না থাওনে মাঠে দাঁড়াইয়া ক্লাস করন লাগে। বৃষ্টি, বেশি রোদের সুম (সময়) মাঠেও ক্লাস করন যায় না।’
পূর্ব ধলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে মাঠেই পাঠদান করতে হচ্ছে। প্রয়োজনীয় বেঞ্চ না থাকায় দাঁড়িয়েও পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) আঞ্জুমান আরা বেগম বলেন, ‘যেসব বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হয়েছে সেখানে ভবন নির্মাণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।’