ছয় হাজার হেক্টর বন পাহারার জন্য প্রহরী মাত্র আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের অধীনে টেকনাফ রেঞ্জের সাড়ে ছয় হাজার হেক্টর বনাঞ্চল পাহারা দেওয়ার জন্য আছেন মাত্র আটজন বনপ্রহরী। কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৫০টি পদের মধ্যে ৩১টিই শূন্য। এ ছাড়া বন পাহারার জন্য নেই যানবাহন ও গোলাবারুদ। তাই বনদস্যুদের কবল থেকে বনাঞ্চল রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগকে।টেকনাফ রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এ রেঞ্জের অধীনে চারটি বিট কার্যালয়ের মধ্যে টেকনাফ সদর বিটে এক হাজার ৩৩৪ হেক্টর, মোচনীতে দুই হাজার ২০২ হেক্টর, হ্নীলায় ৮৬০ হেক্টর এবং মধ্যম হ্নীলা বিটে দুই হাজার ২৩২ হেক্টর সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রয়েছে। এসব বন রক্ষার জন্য মাত্র আটজন প্রহরী রয়েছেন।জানা গেছে, রেঞ্জ কার্যালয় এবং চারটি বিটের প্রতিটিতে ১০ জন করে মোট ৫০টি (কর্মকর্তা-কর্মচারী-বনপ্রহরী) পদ আছে। কিন্তু সব মিলিয়ে আছেন মাত্র ১৯ জন। বাকি ৩১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। রেঞ্জ, হ্নীলা ও মধ্যম হ্নীলা বিটে বনপ্রহরী আছেন একজন করে। আর সদর বিটে তিনজন এবং মোচনী বিটে দুজন বনপ্রহরী আছেন। হ্নীলা বিটে কোনো বিট কর্মকর্তাই নেই। তাঁর কাজ করেন একজন প্রহরী।টেকনাফ রেঞ্জের কর্মকর্তা গাজী মতিউর রহমান জানান, বনপ্রহরীদের অভাবে পাহারার কাজ বলতে গেলে হয়ই না। তা ছাড়া যানবাহন বলতে পুরো রেঞ্জে আছে একটি জিপ ও দুটি মোটরসাইকেল। এ তিনটিই অকেজো। চারটি বিটে কোনো যানবাহন নেই। তাই প্রতিদিন ১০-১২ কিলোমিটার পাহাড়ি ও কাঁচা পথ হেঁটে টহল দেওয়া কঠিন।মতিউর রহমান আরও জানান, এ রেঞ্জের অধীনে যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে, এর বেশির ভাগ অকেজো ও ব্যবহারের অনুপযোগী। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ ও লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি।বন বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯১ ও ১৯৯৪ সালের ঘূর্ণিঝড়ে টেকনাফ রেঞ্জের চারটি বিট কার্যালয়ই বিধ্বস্ত হয়। কিন্তু সেগুলো সংস্কার না করে কোনো রকমে মেরামত করে কাজ চালানো হচ্ছে।মোচনী বিটের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, এ বিটে দুই হাজার ২০২ হেক্টর বন রক্ষায় তিনি ছাড়া আছেন মাত্র দুজন বনপ্রহরী। বন পাহারা তো দূরের কথা, কোনো যানবাহন না থাকায় ঠিকমতো অভিযানেও যাওয়া যায় না।মোচনী বিটের বনপ্রহরী আমির হোসেন জানান, বনাঞ্চল রক্ষা করতে গিয়ে বেশ কয়েকবার বনদস্যুদের হামলার শিকার হয়েছেন তাঁরা। গত এক বছরে ১০-১৫ বার বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের সংঘর্ষ হয়।মধ্যম হ্নীলা বিটের বনপ্রহরী তওফিক ইমাম বলেন, এই বিটে তিনি একাই প্রহরী। মাত্র একজনের পক্ষে সোয়া ২০০ হেক্টর বনাঞ্চল পাহারা দেওয়া সম্ভব নয়। একদিকে পাহারা দিতে গেলে অন্যদিক থেকে গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা।টেকনাফ বিটের কর্মকর্তা কামরুল হাছান জানান, বনদস্যুরা পাহাড়ি এলাকায় আত্মগোপন করে থাকে। রাতের আঁধারে তারা গাছ কাটে। কিন্তু লোকবল-সংকটের কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান জানান, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা সচেতন না হলে শুধু বনকর্মীদের পক্ষে বনরক্ষা সম্ভব নয়। চিহ্নিত কয়েকজন বনদস্যুকে গ্রেপ্তারের জন্য পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, এরই মধ্যে গাছ পাচারকারী চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। তালিকাভুক্ত বনদস্যুরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।টেকনাফের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান লোকবল, আবাসন, যানবাহন, আগ্নেয়াস্ত্রসহ নানা সংকটের কথা নিশ্চিত করে জানান, জনবল বাড়ানোসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক আগেই আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।