বাংলাদেশে গত বছর ছয় হাজার ৬১৬ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক নারী উত্ত্যক্ত হওয়ার শিকার। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের তথ্যে এ কথা বলা হয়েছে।পরিষদ গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক হাজার ৪১ জন নারী উত্ত্যক্ত হওয়ার শিকার, তাঁদের মধ্যে আত্মহত্যা করেছেন ২৭ জন।ওই বিজ্ঞপ্তি অনুসারে গত বছর যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৩৩০ জন নারীকে। এ ছাড়া ৮৯৬ জন নারী বর্বর নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৬৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৯৬ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪৪ জনকে। এসিড নিক্ষেপ করা হয়েছে ৮৩ জন নারীর ওপর, তাঁদের মধ্যে মারা গেছেন দুজন। এ ছাড়া আগুনে পোড়ানো হয়েছে ৭৩ জনকে, তাঁদের মধ্যে ৩৮ জন মারা গেছেন।ডেমোক্রেসিওয়াচ ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিও পৃথক দুটি বিজ্ঞপ্তিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য দিয়েছে। ডেমোক্রেসিওয়াচের হিসাবে সন্ত্রাসী হামলা, ডাকাতি, জমি নিয়ে বিরোধ, সম্পত্তি নিয়ে মারামারি, দলাদলি, যৌতুক ও ধর্ষণের ঘটনায় গত ডিসেম্বর মাসে ১২২ জন খুন হন। এর মধ্যে ৮১ জন পুরুষ, ৩৩ জন নারী ও আটজন শিশু।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বলছে, গত ডিসেম্বর মাসে নানা ধরনের নির্যাতনের শিকার হন ৩১৮ জন। তাঁদের মধ্যে পাচার হয়েছেন ১০১ জন নারী ও শিশু এবং পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৬৭ জন।