ঝড়ের কারণে সরবরাহ লাইনে বিপর্যয় এবং গ্যাসচালিত ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ত্রুটি দেখা দেওয়ায় পুরো ভোলা জেলায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। এতে পাঁচটি পৌরসভার বাসিন্দা ও ছয়টি হাসপাতালের রোগী পানির জন্য হাহাকার করছে। শিল্প কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থার জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও ভোলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে দায়ী করেছে ভোলা গ্রাহক ফোরাম। সচেতন নাগরিক কমিটির আহ্বানে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বাংলা স্কুল শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ পরিস্থিতির জন্য দায়ী কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। তাঁদের সমুলে উৎপাটন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকের শেষ দিকে বরিশাল-পটুয়াখালী থেকে তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে ভোলায় জাতীয় গ্রিডের সরবরাহ লাইন স্থাপন করা হয়। ঝড়-বর্ষার সময় প্রায়ই এ লাইনে ত্রুটি দেখা দেয়। এদিকে গত বছর ভোলায় গ্যাসচালিত সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র (ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেড) চালু হয়। কেন্দ্রটি চালু করতে এক মেগাওয়াট বিদ্যুৎ দরকার, যা ভেনচার রিসোর্সের নেই। যখন এটি বন্ধ হয়ে যায়, তখন জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে কেন্দ্রটি চালু করা হয়। এই কেন্দ্রে উৎপাদিত ৩০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ভোলার চাহিদা ১৫ মেগাওয়াট। বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।৪ অক্টোবর ঝড়-বৃষ্টির কারণে ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় তেঁতুলিয়া নদীতে বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি কেব্ল ছিঁড়ে ভেসে যায়। এর পর থেকে জাতীয় গ্রিডের মাধ্যমে ভোলায় সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে গত রোববার ভোর থেকে হঠাৎ করে ৩৪ মেগাওয়াট কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে সংস্কার করা হলেও প্রয়োজনীয় এক মেগাওয়াট বিদ্যুতের অভাবে সেটি চালু করা যাচ্ছে না। বিকল্প হিসেবে ভোলায় ছয় মেগাওয়াটের ডিজেলচালিত একটি কেন্দ্র থাকলেও দীর্ঘদিন ধরে সেটি অকেজো পড়ে আছে।ভেনচার এনার্জি রিসোর্সের সহকারী প্রকল্প ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, কেন্দ্রটি চালু করতে এক মেগাওয়াট বিদ্যুৎ দরকার। অন্য সময় এই বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে নিয়ে উৎপাদন চালু করা হতো। কিন্তু ৪ অক্টোবর থেকে জাতীয় গ্রিড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কেন্দ্রটি চালু করা যাচ্ছে না। ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র জানান, জাতীয় গ্রিডের সংস্কার চলছে। আগামী ১৫ দিনের মধ্যে এটি সচল করা সম্ভব হবে। একই সঙ্গে পুরোনো ডিজেলচালিত ছয় মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি চালু করারও চেষ্টা চলছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী ও ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ডিজেলচালিত কেন্দ্রটি অকেজো পড়ে থাকায় সেটি চালু করা সহজ হচ্ছে না। তবে চেষ্টা চলছে।ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, টয়লেট-বাথরুমেও পানি নেই। দুর্গন্ধে ওয়ার্ডে ঢোকা যাচ্ছে না। সিভিল সার্জন শাহ আলম শরীফ জানান, বিদ্যুৎ না থাকায় সদর হাসপাতালের রোগীদের অবস্থা শোচনীয়। পানি নেই, রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। একই অবস্থা ভোলার অন্য পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি বলেন, জেনারেটর থাকলে রোগীদের ওই সমস্যা কিছুটা দূর হতো। ভোলা কালীবাড়ি রোডের বাসিন্দা এস এম বাহাউদ্দিন জানান, গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। শুধু এবারই নয়, বারবার ভোলায় বিদ্যুৎ নিয়ে সমস্যা করছে ওজোপাডিকো। এটা তাদের সৃষ্ট সমস্যা।