ছয় হাসপাতালের ৪০০ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরের ছয়টি সরকারি হাসপাতালের আশপাশে গড়ে ওঠা চার শতাধিক টং দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিসিসি)। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল নয়টার দিকে ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মাঝখানের সড়কের দুই পাশে গড়ে ওঠা টং দোকান অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এ সময় ডিসিসির শ্রমিকেরা হাতুড়ি হাতে স্থাপনা ভাঙতে থাকেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিসিসির বুলডোজার শ খানেক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে আছে মুদি ও ফলের দোকান, খাবার হোটেল, চায়ের দোকান, সেলুন, রুটি ও ওষুধের দোকান এবং চোরাই তেলের দোকান।
ক্ষতিগ্রস্ত রুটির দোকানি রমিজ মিয়া অভিযোগ করেন, উচ্ছেদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাঁর আয়ের একমাত্র অবলম্বন দোকানটিও ভেঙে ফেলা হয়েছে। সরকারি জমিতে দোকান তুলে তিনি ব্যবসা করে পরিবার নিয়ে বাঁচার চেষ্টা করছিলেন।
আরেকজন সুনীল সেনের ফুটপাতে ছিল ফলের দোকান। তিনি জানান, উচ্ছেদের পর তাঁর আয়ের পথও বন্ধ হয়ে গেল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারি সব হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে হাসপাতালের আশপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেন।
বৈঠকে উপস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক উত্তম কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরকারি সব হাসপাতাল পরিদর্শন করেন। প্রথম পর্যায়ে শেরেবাংলা নগর ও মহাখালী এলাকার সরকারি হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়।
অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে গড়ে ওঠা এসব অবৈধ টং ও ছাপড়া ঘর হাসপাতালের জন্য হুমকি ছিল। হাসপাতাল থেকে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ নেওয়া হয়েছে এসব স্থাপনায়। এর ফলে মাঝেমধ্যে হাসপাতালে পানির সংকট হতো। এ ছাড়া এসব স্থাপনা ঘিরে অপরাধী ও রোগী ভাগানোর দালালদের আড্ডা গড়ে উঠত।
এরপর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) আশপাশের অবৈধ টং দোকানসহ আরও তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিসিসি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমীন প্রথম আলোকে বলেন, উচ্ছেদ অভিযানে কোনো বাধা বিপত্তি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।