ছয় হোটেলে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা
আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামের ছয়টি আবাসিক হোটেলের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অংশগ্রহণকারী দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের চট্টগ্রামে থাকার জন্য ছয়টি হোটেল বাছাই করে। তাঁদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়। জানা গেছে, ফেব্রুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেট শুরু হলেও চট্টগ্রামের দুটি খেলা মার্চে হওয়ার সময়সূচি দেওয়া আছে। ওই দুই খেলায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও নেদারল্যান্ড। এ তিন দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকার জন্য চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগাং, হোটেল আগ্রাবাদ, হোটেল সেন্ট মার্টিন, হোটেল ল্যান্ডমার্ক, লর্ডস ইন এবং ফয়’স লেক এলাকার কনকর্ড ওয়াটার রিসোর্ট বাছাই করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গতকাল পুলিশের সমন্বয় সভায় ছয়টি আবাসিক হোটেলে আন্তর্জাতিক মান নিশ্চিত করা, প্রতিটি হোটেলে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা, আগুন নেভানোর ব্যবস্থা নিশ্চিত করা, জরুরি বহির্গমনের ব্যবস্থা রাখা, মেডিকেয়ার সার্ভিস নিশ্চিত রাখা এবং হোটেলের অতিথিদের তালিকা তৈরি করে তাঁদের জীবনবৃত্তান্ত যাচাইয়ের সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় পুলিশ ও র্যাব কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএ কর্মকর্তাদের সঙ্গেও অনুরূপ বৈঠক হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ ক্রিকেটের দুটি এবং একটি অনুশীলন ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা ছাড়া প্রায় দেড়-দুই হাজার বিদেশি অতিথি চট্টগ্রামে আসতে পারেন। তাঁদের নিরাপত্তার জন্য নগরের ১২টি থানা ও ফাঁড়ির পুলিশ এবং অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে। আইসিসির মনোনীত ছয়টি আবাসিক হোটেল, জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম, অনুশীলন ম্যাচের জন্য এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পুলিশ দায়িত্ব পালন করবে।