ছয়জন গ্রেপ্তার, ১৪৪ ধারা বহাল, ব্যবসায়ীদের তিন দিনের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ব্যবসায়ী নেতা মো. আবদুল গণিকে জবাই করে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। বিক্ষুব্ধ জনতা ঘটনার পর থেকে ২৪টি ঘরে আগুন দিয়েছে। দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা তিন দিনের শোক কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেঁয়াকো বাজার ও আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা বহাল রাখা রয়েছে।ব্যবসায়ী আবদুল গণি উপজেলার দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং হেঁয়াকো বাজার ব্যবসায়ী বণিক কল্যাণ সমিতির বর্তমান সভাপতি। গতকাল তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। দূর-দূরান্ত থেকে স্বজনেরা এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।আবদুল গণির ষষ্ট শ্রেণীতে পড়ুয়া মেয়ে সোহেদা আকতার (১১) কাঁদতে কাঁদতে বলে, ‘বাবাকে আমার সামনেই দুষ্কৃতকারীরা মেরেছে। এ সময় ফারুক, জাকির ও তাঁর স্ত্রী, আবদুর রহিম ও তাঁর স্ত্রী, সবুজ, মনির, জরিনা, মনোয়ারা ও তাঁর স্বামী, জাকির, অহিদ, মোস্তফা, ওমর আলী, নুরুজ্জামান, সেলিম, আবু আহমদসহ আর কয়েকজন ছিল। আমি তখন সামনে থেকে চিৎকার করছিলাম। কিন্তু কেউ আমার বাবাকে রক্ষায় এগিয়ে আসেনি।’ ছেলে মো. শাহিন বলে, ‘প্রথমে বড় রামদা দিয়ে আবছার বাবাকে কোপাতে থাকে। এতে বাবা মাটিতে লুটিয়ে পড়েন।’আসামিদের কয়েকজনের ঘর গতকাল আগুনে পুড়তে দেখা গেছে। বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে সন্দেহভাজনেরা এলাকা ছেড়ে পালিয়েছেন। এ পর্যন্ত ২৪টি ঘরে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান।আবদুল গণিকে হত্যার ঘটনার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে হেঁয়াকো বাজারের বণিক কল্যাণ সমিতি তিন দিনের শোক পালন করছেন। তাঁরা বুকে কালো ব্যাজ এবং দোকানে কালো পতাকা টানিয়েছেন। গতকাল বেশির ভাগ দোকানপাট ছিল বন্ধ।ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন বলেন, ‘আমরা তিন দিনের শোক পালন করছি। অবিলম্বে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, লাশ দাফনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার ও আজ সোমবার পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।ওসি ইসমাইল বলেন, ব্যবসায়ী গণি হত্যার সঙ্গে জড়িত অভিযোগে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, হত্যার ঘটনায় শিগগিরই মামলা হবে।গত শনিবার বিকেলে হেঁয়াকো বাজারের পাশে নিজ বাড়ি থেকে ১০০ গজ দূরে গণিকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। তাঁকে উদ্ধার করতে গেলে নিহতের ভাগনে সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে দুষ্কৃতকারীরা। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।