মুক্তিযুদ্ধকালে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইনসহ জেলার আটজনের মধ্যে ছয়জন পলাতক কি না, তা সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৭ মের মধ্যে পুলিশকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন। যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন আশরাফ হোসাইন (৬৪), শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), শামসুল হক ওরফে বদর ভাই (৭৫) এবং এস এম ইউসুফ আলী (৮৩)। তাঁদের মধ্যে জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির শামসুল হক এবং জামায়াতের নেতা ও সিংহজানি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলী কারাগারে আছেন। বাকি ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাঁদের খুঁজে পায়নি।
এর আগে ৬ মে পুলিশ এক প্রতিবেদনে ট্রাইব্যুনালকে জানায়, গ্রেপ্তারি পরোয়ানা থাকা ছয়জনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল গতকাল বলেন, তাঁরা আইনের দৃষ্টিতে পলাতক কি না, তা সুনির্দিষ্টভাবে পুলিশকে বলতে হবে।
তদন্ত সংস্থার সূত্র জানায়, প্রায় দুই বছরের তদন্ত শেষে গত ২৪ মার্চ এই আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তদন্তে পাওয়া গেছে, ১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামালপুরে নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে এই আটজন জড়িত ছিলেন।