সিলেট শেফ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোদাব্বির হোসেইন খুনের ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা আখঞ্জী বাদী হয়ে মামলা করেছেন।তিনি শাহপরান থানায় গত সোমবার মামলা করেন। মামলায় মোদাব্বিরের পরিচিত ব্যবসায়ী কবির আহমদ, প্রশিক্ষক সোহেল আহমদসহ ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ ওই দিনই প্রশিক্ষক সোহেলকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।পুলিশ সূত্র জানায়, নগরের শাহজালাল উপশহরে যুক্তরাজ্য গমনে ইচ্ছুক তরুণদের শেফ প্রশিক্ষণের প্রতিষ্ঠান ইউনিভার্সেল প্রফেসনাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (ইউপিভিটিআই) এমডি মোদাব্বির গত বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে খুন হন। এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে খুনিকে শনাক্ত করতে না পারলেও শেষে প্রতিষ্ঠানকেন্দ্রিক বিষয়ে খোঁজ নিয়ে ব্যবসায়িক বিরোধ উদ্ঘাটন করে। রেস্তোরাঁ ব্যবসায়ী আম্বরখানার বাসিন্দা কবির আহমদের সঙ্গে বিরোধের জের ধরে মোদাব্বির খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়। মোদাব্বিরের বাবাসহ পরিবারের অধিকাংশ সদস্য যুক্তরাজ্যে বসবাস করেন।গত রোববার তাঁরা দেশে ফিরলে তাঁর স্ত্রী বাদী হয়ে ওই মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিষ্ঠানের প্রশিক্ষক সোহেল এ মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে তাঁকে আবার গ্রেপ্তার করা হলে সে অন্য আসামিদের সম্পর্কে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।