গুলিবিদ্ধ হয়ে রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৫৯) মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার ছয়জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন জানান, মাইনুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাঁর বাসার দুই গৃহকর্মী আমেনা ও মোমেনা, তাঁর পেট্রলপাম্পের ম্যানেজার তরিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার, শ্যালক শাহীন সরকার এবং গৃহকর্মী আবদুল আজিজকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
গত বুধবার দুপুরে রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি মাইনুল ইসলাম নিজ বাড়ির নিচে বসার ঘরে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারের লোকজনের দাবি, নিজের গুলিতেই মাইনুল ইসলাম মারা গেছেন। প্রাথমিকভাবে পুলিশও তাই বলছে।
রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, মাইনুল ইসলামের মাথার বাঁ দিক দিয়ে গুলি ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে।