ছয়জনকে রিমান্ডে চায় পুলিশ, শুনানি কাল
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। কাল রোববার ওই রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
পুলিশ সূত্র জানায়, সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মীকে আজ শনিবার গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হয়। যাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে তাঁরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের ফরিদ মিয়া (৭০), নিচপাড়া গ্রামের সামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের হজরত আলী (৪৪) ও পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার (৪৫)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী। সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাত দিনের রিমান্ড-চাওয়া হয়েছে।
ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম নিহত হন।