ছয়জনকে ২০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারাসিটামল মামলা
প্যারাসিটামল মামলা

২৩ বছর আগে ভেজাল প্যারাসিটামল সিরাপ পান করে ৭৬ শিশু মারা যাওয়ার ঘটনায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই বাংলাদেশ ফার্মার ছয় কর্মকর্তাকে ২০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন।
গতকাল সোমবার ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ-সংক্রান্ত দুটি মামলার রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে দুই মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে উভয় মামলায় প্রত্যেক আসামিকে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিসিআই বাংলাদেশ ফার্মার নির্বাহী পরিচালক এ এস এম বদরুদ্দোজা, পরিচালক শাহজাহান সরকার, নূরুন্নাহার বেগম, শামসুল হক, ব্যবস্থাপক (মাননিয়ন্ত্রক) আয়েশা খাতুন ও ব্যবস্থাপক (উৎপাদন) এমতাজুল হক। আসামিদের মধ্যে শাহজাহান সরকার ছাড়া বাকিরা মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। শাজাহান সরকার এত দিন জামিনে মুক্ত ছিলেন। গতকাল রায় ঘোষণার পর জামিন বাতিল এবং সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে একই অভিযোগের আরেকটি মামলায় গত বছরের ২২ জুলাই আরেকটি ওষুধ কোম্পানি অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের পরিচালক ডা. হেলেন পাশাসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন একই আদালত।
ভেজাল প্যারাসিটামল সিরাপ উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ১৯৯২ সালে পাঁচটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিরা অব্যাহতি পান। বাকি চারটির মধ্যে গতকাল দুটিসহ তিন মামলায় রায় হয়েছে। একটি মামলার বিচারকাজ চলছে।
এ ছাড়া ২০০৯ সালে একই ধরনের অভিযোগে রীড ফার্মা নামের আরেকটি কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুই মামলার রায়ে বলা হয়, ১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কিডনি অকেজো হয়ে প্রায় ২ হাজার ৭০০ শিশু মারা গেছে; যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ঔষধ প্রশাসন পরিদপ্তর বিভিন্ন কোম্পানির প্যারাসিটামল সিরাপ পরীক্ষা করে। ওই পরীক্ষায় বিসিআই বাংলাদেশ ফার্মা, অ্যাডফ্রেমসহ পাঁচটি কোম্পানির প্যারাসিটামল সিরাপে ক্ষতিকারক ড্রাই-ইথিলিন গ্লাইকল নামের বিষাক্ত পদার্থের উপস্থিতি ধরা পড়ে, যা সেবনে কিডনি অকেজো হয়ে শিশুমৃত্যু হয়েছিল বলে উল্লেখ করা হয়।
এরপর ১৯৯২ সালে ঔষধ প্রশাসন পরিদপ্তর পাঁচটি মামলা করে। গতকাল দুটি মামলার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান আদালত। রায়ে বলা হয়, আসামিরা যে অপরাধ করেছেন, তাতে তাঁদের সর্বোচ্চ শাস্তি হওয়াই কাম্য। আসামিদের প্রতি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁদের প্রত্যেককে ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৬(সি) ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হলো।
আদালত সূত্র জানায়, দুটি মামলার অভিযোগ ও আসামিরা একই। দুই মামলায় সাজার পরিমাণও একই। কিন্তু মামলার ঘটনাস্থল ভিন্ন হওয়ায় বিচারকার্য একসঙ্গে সম্পন্ন হলেও দুই মামলার সাজা আলাদা ভোগ করতে হবে। জেল কোডের বিধান অনুসারে পর্যায়ক্রমে মামলার সাজা কার্যকর হবে অর্থাৎ এক মামলার সাজা ভোগের পর অপর মামলার সাজা শুরু হবে।
আদালত পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের দিন থেকে তাঁদের রায় কার্যকর হবে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, বশির আহমেদ, আমিনুর রহমান চৌধুরী ও আকরাম উদ্দিন।
আইনজীবী আকরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, এই মামলার রায়ে আসামি শাহজাহান সরকার ন্যায়বিচার পাননি। তিনি দাবি করেন, ১৯৯২ সালে ঔষধ প্রশাসন থেকে বলা হয়েছিল, ডাই-ইথিলিন পরীক্ষা করার মতো ব্যবস্থা নেই। সাক্ষীরা জেরায় তা স্বীকার করেছেন। তা ছাড়া আইন ও পদ্ধতি অনুযায়ী নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়নি। তিনজন সাক্ষ্যের ওপর ভিত্তি করে সাজা দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে বলে এই আইনজীবী জানান।
অবশ্য রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি নাদিম মিয়া প্রথম আলোকে বলেন, ১৯৯২ সালে ঔষধ প্রশাসন নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে ভেজাল প্যারাসিটামলে উৎপাদন ও বাজারজাত করা প্যারাসিটামলে ডাই-ইথিনিল গ্লাইকলের অস্তিত্ব পান। ১৯৯২ সালে মামলা হলেও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন। প্রায় দুই দশক মামলা দুটির বিচার কার্যক্রম স্থগিত ছিল। পরে ২০১১ সালে হাইকোর্ট আসামিপক্ষের আবেদন খারিজ করে দেন। এরপর মামলার বিচার আবার শুরু হয়। তিনি বলেন, সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় ঔষধ নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা দিয়েছেন আদালত।