ছয়জনের ওপর ২০০ প্রতিবন্ধী শিশুর ভার
শিক্ষক ও লোকবল-সংকটে রাজশাহী শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ১৪ জন শিক্ষক থাকার কথা থাকলেও এখানে আছেন মাত্র ছয়জন। ১৩ জন কর্মচারীর মধ্যে আছেন মাত্র একজন। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।রাজশাহীর ষষ্ঠীতলা এলাকার এক শিক্ষার্থীর অভিভাবক হাসান আলী জানান, তাঁর শ্রবণ প্রতিবন্ধী বাচ্চাটি তৃতীয় শ্রেণীতে পড়ে। দুই বছর ধরে কোনো শিক্ষক নেই। তাঁত ও দর্জির দুজন প্রশিক্ষক ওদের ক্লাস কোনোভাবে চালিয়ে নেন। এতে ওদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।নগরের ষষ্ঠীতলায় ১৯৬২ সালে এক দশমিক ৮৪ একর জায়গার ওপর রাজশাহী শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণকেন্দ্রটি (পিএইচটিসি) প্রতিষ্ঠা করা হয়। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারের রাজস্ব খাতের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়। এর মধ্যে একজন প্রধান শিক্ষক, দুজন শিক্ষক ও চারজন কারিগরি প্রশিক্ষকের পদ রয়েছে। কিন্তু এখানে দীর্ঘদিন ধরে দুজন শিক্ষক ও একজন প্রশিক্ষকের পদ শূন্য।প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদেরও সরকারের রাজস্ব খাতের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়। একজন প্রধান শিক্ষক, পাঁচজন শিক্ষক ও একজন কারিগরি প্রশিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক, দুজন শিক্ষক ও একজন কারিগরি প্রশিক্ষক নেই।ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উন্নয়ন খাতের একজন শিক্ষক দিয়ে পাঠদান দেওয়া হয়। ওই শিক্ষকও নেই। আক্তারী খানম নামের একজন প্রশিক্ষক তাঁর প্রশিক্ষণের পাশাপাশি প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাসগুলো নেন। আক্তারী খানম বলেন, ‘এমনি তো প্রতিবন্ধী বাচ্চারা একটু খেয়ালি, তাদের নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। তার পরও একাই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে গিয়ে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা।’শিক্ষকেরা জানান, তাঁরা এই চাকরি নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। তাঁরা বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত একটি সরকারি প্রতিষ্ঠান এটি। অথচ এই প্রতিষ্ঠান একটি ফাউন্ডেশন তৈরি করে বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে। এর আগে একবার ফাউন্ডেশনের হাতে কর্তৃত্ব প্রায় ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের বেতনও ফাউন্ডেশন ইস্যু করে ফেলেছিল। পরে আন্দোলনের মুখে সরকার আবার সিদ্ধান্ত পরিবর্তন করে।গত রোববার শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণকেন্দ্রে গিয়ে দেখা যায়, এর বাইরের ফটকে লেখা রয়েছে সংরক্ষিত এলাকা। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভেতরে ছিমছাম পরিবেশ। তিনটি আবাসিক ছাত্রাবাসের মাঝখানে খোলামেলা জায়গা। রয়েছে শ্রেণীকক্ষভরা শিক্ষার্থী। কিন্তু শিক্ষক না থাকায় তাদের সবার এলোমেলো অবস্থা। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রিজিয়া খাতুন বলেন, এই পদে একজন সহকারী পরিচালক মর্যাদার কর্মকর্তা দায়িত্বে থাকেন। ২০০৯ সালের ২ নভেম্বর প্রতিষ্ঠানের শেষ তত্ত্বাবধায়ক বদলি হয়ে চলে গেছেন। এরপর আর কাউকে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ২০০৪ সালে একটি প্রকল্পের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৫০ জন দৃষ্টি ও ৫০ জন শ্রবণ প্রতিবন্ধীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এত শিক্ষার্থীর জন্য মাত্র একজন শিক্ষক দেওয়া হয়েছে। ওই শিক্ষকও দেড় বছর পর বদলি হয়ে অন্যত্র চলে যান। প্রতিষ্ঠানটিতে ঠিকমতো বইপত্রও সরবরাহ করা হয় না বলে জানালেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক।