ঝিনাইদহ, গোপালগঞ্জ ও উল্লাপাড়ায় বিভিন্ন অপরাধে ছয়জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অবৈধভাবে কার্যক্রম চালানোয় একটি এনজিওসহ দুটি দন্ত চিকিৎসালয় সিলগালা করে দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ: ঝিনাইদহ: পরীক্ষাকেন্দ্রে এসে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় আসিফ ইকবাল নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুবকটির বাড়ি কালীগঞ্জের বেলাট-দৌলতপুর গ্রামে। গোপালগঞ্জ: গত বুধবার কাজী সালাউদ্দিন, সমির সাহা ও সাইফুল ইসলাম নামের তিন মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। ভ্রাম্যমাণ আদালত হেরোইনসহ আটক সালাউদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের কাজী জাহিদুর রশিদের ছেলে। সমির সাহাকে দেওয়া হয়েছে এক বছরের কারাদণ্ড। শহরের পুরাতন বাজার রোড থেকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে আট পুরিয়া গাঁজা ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গাঁজা ব্যবসায়ী সাইফুলকে দেওয়া হয় ছয় মাসের কারাদণ্ড। পাশাপাশি তাঁকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারদণ্ড দেওয়া হয়। এর আগের দিন গত মঙ্গলবার কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট থেকে এক লিটার ফেনসিডিলসহ আতোশ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। উল্লাপাড়া: গত বুধবার প্রকাশ্যে ধূমপানের অপরাধে নুরুল ইসলাম নামের এক কৃষককে ৫০ টাকা জরিমানা করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জেলা প্রশাসক স্থানীয়ভাবে হুকুমদখল করা কিছু জমির মূল্য পরিশোধের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে চেক তুলে দেওয়ার সময় ওই কৃষক ধূমপান করছিলেন। পঞ্চগড়: গত বুধবার জেলার বোদা উপজেলা সদরে বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয়ভাবে এনজিও হিসেবে কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘অনুভব’-এর কার্যালয় সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আমির হোসেনসহ অন্যরা পালিয়ে যান। এর আগে বোদা বাজারের মজনু দাঁতঘর ও বকুল ডেন্টাল কেয়ার নামের দুটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। এ দুটি প্রতিষ্ঠানও সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজনু দাঁতঘরের মালামাল ক্রোক করা হয়। তা ছাড়া সরকারি জমিতে ঘর তোলায় তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় হাতুড়ে চিকিৎসক মজনু পালিয়ে যান।