ছয়জনের দাফন, উল্লাপাড়ায় শোকের ছায়া
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাটিবোঝাই ট্রলার ডুবিতে দুই সহোদরসহ মৃত ছয় শ্রমিকেরই গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আজ বৃহস্পতিবার ছয়টি মরদেহ গ্রামে পৌঁছার পর তাঁদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি আটকাতে পারেননি প্রতিবেশীরাও।
ধলেশ্বরী নদীতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রলার ডুবে ছয় শ্রমিক নিখোঁজ হয়। পরে তাঁদের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন: উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গায়েশ্বর গ্রামের নেজাব উদ্দীন (৩৬), তাঁর ভাই সুজাব উদ্দীন (৩২), তাঁদের ভাতিজা শরিফুল ইসলাম (১৮), মামাতো ভাই শাহিন (২৮) এবং একই ইউনিয়নের ফাজিল নগর গ্রামের আবু তালেব (৩০) ও বাংগালা ইউনিয়নের বানিয়াকৈড় গ্রামের সুজন মিয়া (৩০)।
এলাকাবাসী জানান, আজ ভোরে পুলিশের পাহারায় ছয়জনের মরদেহ প্রত্যেকের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ যোহর জানাজা শেষে সবাইকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছয়টি পরিবারই হতদরিদ্র। যাঁরা মারা গেছেন, তাঁরা নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁদের মৃত্যুতে এখন সবকটি পরিবার নিঃস্ব হয়ে গেল।
মৃত শাহীন দুই সন্তানের জনক। বাবা-মা, স্ত্রী এবং পাঁচ ও তিন বছরের দুই সন্তানকে নিয়ে ছিল তাঁর সংসার। এখন তাঁর পরিবারে শুধুই অন্ধকার। কাঁদতে কাঁদতে স্ত্রী রাশিদা বলেন, মৃত্যুর কিছু সময় আগেও ফোনে শাহিন সন্তানদের কার কী লাগবে—তা জিজ্ঞেস করেছিলেন। সন্তানদের জন্য কিছু কেনাকাটা করারও কথা ছিল। কিন্তু তিনি আর তা করতে পারলেন না।
মৃত শরীফুলের মৃত্যু মেনে নিতে পারছিলেন না মা সালেকা খাতুন। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। নেজাব ও সুজাব দুই সহোদরের মৃত্যুতে শোকে যেন পাথর হয়ে গেছে পুরো পরিবার। বাবা মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে নেজাবের সংসার। আর সুজাব বিবাহিত। তবে নিঃসন্তান। তাঁর মৃত্যুতে স্ত্রী আনজিরা খাতুন পাগলপ্রায়।
স্ত্রী ও দুই সন্তান নিয়ে আবু তালেবের কষ্টের সংসারে এখন শোকের ছায়া। নিহত সুজনের পুরো পরিবার দিশেহারা।
গায়েশ্বর গ্রামের বাসিন্দা বাবু মিয়া বলেন, ‘এমন দৃশ্য আমরা কোনো দিন দেখি নাই। একসঙ্গে এত লোকের মৃত্যু যেন গ্রামের ওপর দিয়ে শোক বয়ে যাচ্ছে।’
উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হামিদ বলেন, ‘আমি কীভাবে এ পরিবারগুলোকে সান্ত্বনা দেব, সহযোগিতা করব—সে ভাষা আমার জানা নেই। তারপরও চেষ্টা করব তাদের পাশে থাকতে।’
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী বলেন, মৃত ব্যক্তিদের দাফনের জন্য ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।