ঢাকার কেরানীগঞ্জের মুগারচরে শিশু মো. আবদুল্লাহকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন খোরশেদ আলম, মেহেদি হাসান, মিতু আক্তার, কায়কোবাদ, নাসিমা বেগম ও জহিরুল ইসলাম। এঁদের মধ্যে নাসিমা বেগম ও জহিরুল ইসলাম পলাতক। অন্য চারজন কারাগারে আছেন। অভিযোগপত্রে এ মামলায় ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। এ ছাড়া এজাহারনামীয় আসামি সুজন দাশ, শফিকুল ইসলাম ও হেদায়েতুল ইসলামের ঠিকানা না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে বলা হয়েছে, এই তিনজনের নাম-ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।
অভিযোগপত্রে এ মামলার প্রধান সন্দেহভাজন মোতাহার হোসেন গত ৭ ফেব্রুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাঁর নামও বাদ দেওয়া হয়েছে। তিনি নিহত শিশু আবদুল্লাহর মায়ের মামা।
ঢাকার আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৮ ধারা এবং দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে নথি উপস্থাপন করা হয়েছে। মামলাটির বিচার নিষ্পত্তি করতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ নথি পাঠানো হবে।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শিশু আবদুল্লাহকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। আসামিরা দুই দফায় দুই লাখ টাকা মুক্তিপণও নেন। কিন্তু মুক্তিপণের টাকা নেওয়ার পরও শিশু আবদুল্লাহকে হত্যা করে তার লাশ গুম করার চেষ্টা করেন। আসামিদের দেওয়া তথ্যে শিশু হত্যার বিবরণ বেরিয়ে এসেছে। আসামিদের জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র দেওয়া হলো।
গত ২৯ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহ নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে মুঠোফোনে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে দুই দফায় দুই লাখ টাকা নেয় অপহরণকারীরা। এরপরও শিশুটিকে ফেরত দেওয়া হয়নি। ২ ফেব্রুয়ারি আবদুল্লাহদের বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি ঘরে প্লাস্টিকের ড্রাম থেকে আবদুল্লাহর গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মোতাহার পলাতক ছিলেন।
লাশ উদ্ধারের পর স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মুগারচর গ্রামে আবদুল্লাহদের বাড়িতে যান। তিনি এ হত্যা মামলা তিন থেকে চার মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজও যান শিশুটির বাড়িতে। তিনি এ হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার আশ্বাস দিয়েছিলেন। বলেছিলেন, মোতাহার বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন, তাঁকে গ্রেপ্তার করা হবে।
৭ ফেব্রুয়ারি মোতাহার হোসেন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।