সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী উদয়েন্দু সিংহ পলাশ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্র দাখিল করেন। আদালত শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল তারিখ ধার্য করেন।অভিযোগপত্রে মামলার আট আসামির মধ্যে দুজন ও একজন সন্দেহভাজনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এ কারণে গোপনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে মামলার বাদী পলাশের বাবা মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ দাবি করেন। তবে পুলিশের তদন্ত কর্মকর্তা গোপনে চার্জশিট দাখিল করার বিষয়টি ভিত্তিহীন বলে জানান। গতকাল সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে বীরেশ্বর সিংহ বলেন, ‘এটি ছিল একটি প্রকাশ্য হত্যাকাণ্ড। যারা হত্যাকাণ্ডে অংশ নেয়, তাদেরই কেবল আসামি করা হয়। পুলিশের তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে কোনো আসামিকে অব্যাহতি দেওয়া হলে বিচারের আগেই অবিচার করা হবে।’পুলিশ সূত্র জানায়, ২০১০ সালের ১২ জুলাই দুপুরে সিলেট এমসি কলেজে গণিত সম্মান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী উদয়েন্দু সিংহ পলাশ (২২) সহপাঠী দলীয় কর্মীদের হাতে খুন হন। এ ঘটনায় ১৪ জুলাই পলাশের বাবা বীরেশ্বর সিংহ বাদী হয়ে পলাশের সহপাঠী আটজন ছাত্রলীগের কর্মীকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের ছাত্রাবাস শাখার সভাপতি আবদুর রহিম ওরফে রিপনকে গ্রেপ্তার করেন। এই নিয়ে মামলার এজাহারভুক্ত আটজন ও সন্দেহভাজন একজনসহ নয়জনকে আসামি করা হয়।আদালতে দাখিল করা অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত সাত ও আট নং আসামি যথাক্রমে মোস্তাফিজুর রউফ ও সঞ্জয় কুমার চৌধুরী এবং সন্দেহভাজন আসামি আবদুর রহিম রিপনের অব্যাহতির আবেদন করা হয়েছে। তদন্তে তাঁদের বিরুদ্ধে এজাহারে বর্ণিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন। অভিযোগপত্রে ফজলুর রহমান জসিম, দেলোয়ার হোসেন, শিপন খান, সাইদুল হক, মো. ফজলুর রহমান রাসেল ও গিয়াসউদ্দিনকে অভিযুক্ত করা হয়। তাঁরা সবাই সিলেট এমসি কলেজে সম্মান চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী। ঘটনার পর থেকে ছয়জন আসামি পলাতক।