একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও সাবেক সাংসদ আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন। আজ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।
পরে হায়দার আলী প্রথম আলোকে বলেন, এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ট্রাইব্যুনালের কাছে ৪৫ দিন সময় চেয়েছিলাম। ট্রাইব্যুনাল আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন।
আজিজসহ ওই ছয়জনের বিরুদ্ধে গত ২৭ ডিসেম্বর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।
আজিজ ছাড়া বাকি পাঁচ আসামি হলেন—মো. নাজমুল হুদা, রুহুল আমিন, মো. আবদুল লতিফ, মো. আবদুর রহিম মিয়া ও আবু মুসলিম মো. আলী। এই ছয়জনই পলাতক রয়েছেন।
তদন্ত প্রতিবেদন অনুসারে, মুক্তিযুদ্ধকালে আজিজসহ ছয়জন রাজাকার বাহিনীতে যোগ দিয়ে গাইবান্ধার বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে তথ্য-প্রমাণ মিলেছে। তাঁদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।