ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে পৌর মেয়রের অনুসারীদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ছয়জনকে আসামি করে গত রোববার রাতে গোলাপগঞ্জ থানায় মামলা করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান দাস।মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার লামা দক্ষিণভাগ গ্রামের রাজনকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার অপর পাঁচ আসামির নাম জানায়নি পুলিশ। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান বলেন, ‘তদন্তের স্বার্থে তাঁদের নাম এ মুহূর্তে প্রকাশ করছি না।’শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল সোমবার এক সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমদ জানিয়েছেন।গত শনিবার গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমেদের অনুসারী কিছু লোক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা পৌর এলাকার অনুষ্ঠানে মেয়রকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সুযোগ না দেওয়ায় বিধান দাসকে গালিগালাজ করেন। একপর্যায়ে মেয়রের সামনেই তাঁকে টেনে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে বিধান দাসের সহকর্মী অন্য শিক্ষকেরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।