কক্সবাজারের পেকুয়ায় লবণ ব্যবসায়ী মাহবুবুর রহমান (৫৫) খুনের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। নিহত ব্যক্তির ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার এই মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। গত রোববার উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়ার একটি খাল থেকে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মাহবুবুর রহমানকে খুনের ঘটনায় গ্রেপ্তার আজগর আলী (৪০), মোহাম্মদ কাইছার (৪৫) ও নুরুল আমিনকে (৩৮) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজাখালী ইউনিয়নের হাজি মার্কেট স্টেশন থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গলা কেটে মাহবুবুর রহমানকে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন খালে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাশ বলেন, লাশের কপাল, দুই চোখ ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে চশমা, স্যান্ডেল ও একটি এক কেজি ওজনের বাটখারা উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির ভাই নজরুল ইসলাম বলেন, লবণ ব্যবসার বিরোধের জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই শফিকুর রহমান বলেন, হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।