রাজধানীর পূর্ব জুরাইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা রিয়াজুল হোসেন হত্যার ঘটনায় ছয়জনকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে কদমতলী থানায় হত্যা মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ডলি বেগম।
পুলিশ জানায়, মামলায় ওলামা লীগের শ্যামপুর-কদমতলী থানা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী ওরফে হাতকাটা নবীকে প্রধান আসামি করা হয়েছে। অন্য পাঁচ আসামি হলেন শওকত, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল মোতালেব ও কামাল শিকদার। হাতকাটা নবীকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার পুলিশ তাঁকে আদালতে নিয়ে রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুলকে গত বুধবার রাতে পূর্ব জুরাইনে তাঁর নিজের রড-সিমেন্টের দোকানে গুলি করে হত্যা করা হয়।