বাগেরহাটে কোস্টগার্ড ও র্যাবের তিন সদস্যকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে সাতজনকে। গতকাল মঙ্গলবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের রফিকুল ইসলাম শেখ, বাবুল শেখ, কুদ্দুস শেখ ও তাঁর ভাই ইদ্রিস শেখ এবং একই উপজেলার খালকুলিয়া গ্রামের আলকাস ফকির ও ইলিয়াস শেখ।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন গাবগাছিয়া গ্রামের রিয়াজুল শেখ, আকরাম শেখ, আলম শেখ, বাদশা শেখ, জামাল শেখ, কামাল ওরফে সুমন শেখ ও খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আসলাম শেখ। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া এই সাতজনকে আদালত একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা সবাই পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুজনকে খালাস দেন। তাঁরা হলেন খুলনার হোগলাডাঙ্গা গ্রামের নান্না শেখ ও মিজানুর রহমান। রায় ঘোষণার সময় তাঁরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদে একদল ডাকাত ধরতে ২০০৬ সালের ১ ডিসেম্বর রাতে খুলনার র্যাব-৬ ও মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় ডাকাতদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়।
একপর্যায়ে র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা স্পিডবোট থেকে ডাকাতদের নৌকায় উঠে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালান। এ সময় ডাকাতদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় এবং ডাকাতেরা র্যাব ও কোস্টগার্ডের সদস্যদের নিয়ে নদে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সদস্য এম এইচ কবির ও এম এ ইসলাম এবং র্যাবের সদস্য কাঞ্চন নিখোঁজ হন। পরদিন পশুর নদ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মহসীন আলী বাদী হয়ে মংলা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
চট্টগ্রামে বিমা কর্মকর্তা হত্যার দায়ে সহকর্মীর ফাঁসির আদেশ
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামের ফটিকছড়ির বিমা কর্মকর্তা নূর খালেক মাস্টার হত্যা মামলায় তাঁর সাবেক এক সহকর্মীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আশরাফ হোসেন জামিনে গিয়ে এক বছর ধরে পলাতক রয়েছেন।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের সব কৌঁসুলী (পিপি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারবালাটিলা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন নূর খালেক। তিনি গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ফটিছড়ির জ্যেষ্ঠ কর্মকর্তার অধীনে চাকরি করতেন আশরাফ। দুর্নীতির দায়ে আশরাফকে চাকরি থেকে বাদ দেন নূর খালেক। এর জের ধরে তিনি খুন হন।
খুনের ঘটনায় নিহত আশরাফের বাবা মো. দানেশ মিয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি গোলাম মোস্তফাকে বেকসুর খালাস দেন আদালত।