রাজধানীর শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উল্লাহ ও তাঁর গাড়িচালক হারুনুর রশীদ হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ রায় দেন। রায়ে দুজনকে যাবজ্জীবন ও চারজনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ছয় আসামি হলেন রায়হান খোকন, জাকির হোসেন ওরফে কালা জাকির, জাবেদ, আরিফ হোসেন, জুম্মুন ও হীরা। এঁদের মধ্যে রায়হান ও হীরা পলাতক।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন শরিফুল ইসলাম ও আমির হোসেন। দুজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাড়ি দখল ও কেব্ল ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রায়হান খোকন ও মোহাম্মদ উল্লাহর মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে জুরাইনের কমিশনার রোডে মোহাম্মদ উল্লাহ ও তাঁর গাড়িচালক হারুনুর রশীদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় মোহাম্মদ উল্লাহর স্ত্রী কোহিনুর বেগম কদমতলী থানায় মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর ১২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ২৮ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছে। মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষীদের সাক্ষ্য ও প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে ছয়জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন দেওয়া হলো। রাষ্ট্রপক্ষ চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের খালাস দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সাইফুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন রাফিকুল ইসলাম মোল্লা ও হযরত আলী।