ছয়জনের যাবজ্জীবন
পঞ্চগড়ে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ আবদুস সালাম এ রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৪ মে বোদা উপজেলার শিংপাড়া এলাকার আবুল কাশেমের ভাগনি নার্গিস বেগমকে তাঁর স্বামী দেলোয়ার হোসেনসহ আবুল হোসেন, লাকী আকতার, সাদ্দাম হোসেন ও তায়েবুল ইসলাম শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় আবুল কাশেম ওই বছর ১৭ মে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। বিচারক গতকাল ওই পাঁচজনকে উপরিউক্ত দণ্ড দেন।নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে জাভেদ আলী (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী জেলা ও দায়রা জজ সরকার আবুল মনসুর আহম্মেদ এ রায় দেন।২০০৯ সালের ৩০ জানুয়ারি রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়ার জাভেদ তাঁর স্ত্রী গোলাপীকে পিটিয়ে হত্যা করেন। এরপর ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য তিনি গোলাপীর লাশ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখেন।