কক্সবাজারের মহেশখালীতে প্রস্তাবিত সাতটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজার) একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার দুপুরে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল মহেশখালী উপজেলার ধলঘাট, কুতুবজোম, হামিদারদিয়া, ঘটিভাঙা, উত্তরনলবিলা ও সোনাদিয়ায় নির্ধারিত ছয়টি অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করে।
প্রতিনিধিদলে ছিলেন বেজার প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব, বেজার মহাব্যবস্থাপক এস এম নুরুল আলম, বেজা প্রকল্পের সোশ্যাল স্পেশালিস্ট মোহাম্মদ আবদুল কাদের খান ও বেজার সহকারী প্রকৌশলী রুহুল আমিন চন্দন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম ও সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ।
ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, প্রথমে সোনাদিয়ার অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে। ৭ হাজার ৭৯৮ একর জমিতে সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করা হবে।