ছয়টি ইউনিয়নে কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত যুবলীগ নেতাদের
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যুবলীগের ছয়টি ইউনিয়ন কমিটির কার্যক্রম আগামী ছয় মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন এই সংগঠনেরই নেতারা। গত সোমবার সন্ধ্যায় সংশ্লিষ্ট কমিটির নেতারা এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন। দলীয় বিভিন্ন কার্যক্রমে মূল্যায়ন না করায় স্থানীয় সাংসদ ও জ্যেষ্ঠ নেতাদের ওপর ক্ষুব্ধ হয়ে নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সভায় অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় যুবলীগের নেতা-কর্মীদের একটি মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাগরনাল ইউনিয়ন কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। সভায় সদর জায়ফরনগর ইউনিয়ন কমিটির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মহেশ দাস, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, পশ্চিম জুড়ী কমিটির সভাপতি বাবুলাল দাস, সাধারণ সম্পাদক আবদুল হেকিম, গোয়ালবাড়ীর সভাপতি অটল কৃষাণ সিংহ, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ক্ষোভের সঙ্গে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগের উপজেলা কমিটির সহসভাপতি বাবুল আহমদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া আর্থিক অনুদানের চেক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। যুবলীগের নেতা-কর্মীদের সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। সদ্য সমাপ্ত শারদীয় দুর্গোৎসবে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাংসদ। এ সময় সাংসদের সঙ্গে থাকা মোটরসাইকেলের বহরে যুবদল ও ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মীকে দেখা গেছে। এ ছাড়া যুবলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস নেতা-কর্মীদের সঙ্গে কোনো আলোচনা-পরামর্শ ছাড়াই একক সিদ্ধান্তে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন বলেও বক্তারা অভিযোগ তোলেন। সভার সত্যতা নিশ্চিত করে যুবলীগের জায়ফরনগর ইউনিয়ন কমিটির সভাপতি মহেশ দাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংগঠনের দু-তিনজন সিনিয়র (জ্যেষ্ঠ) নেতা মনে করেন, তাঁরা যা করবেন-বলবেন, তা-ই ঠিক। এভাবে তো সংগঠন চলতে পারে না। তাই ছয় ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে সর্বসমঞ্চত সিদ্ধান্ত হয়েছে।’ যুবলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিভিন্ন কারণে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ থাকতে পারে। এটা আমরা মিটমাট করে ফেলব।’ এ ব্যাপারে সাংসদ মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জুড়ীতে কোনো কর্মসূচি থাকলে যুবলীগের উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে আগে থেকে ফোনে জানিয়ে দিই।’ পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন বলে তিনি দাবি করেন।