ছয়টি ওষুধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম নগরের ছয়টি ওষুধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন, চিকিৎসকের জন্য বরাদ্দ থাকা নমুনা ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) ও সরকারি ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে নগরের ফিরিঙ্গিবাজার, বাকলিয়া ও চাক্তাই এলাকায় এই অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন, চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহুল আমীন বলেন, অভিযানে ছয়টি ওষুধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ড্রাগ লাইসেন্স না থাকায় ফিরিঙ্গিবাজারের তৃষ্ণা মেডিকেল হল নামের একটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে হক ফার্মেসিতে সরকারি ওষুধ পাওয়া গেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে ফিরিঙ্গিবাজারের সবুজ ফার্মেসিকে ৫ হাজার টাকা ও তৃষ্ণা মেডিকেল হলকে ১০ হাজার টাকা, বাকলিয়ার মেসার্স বসুন্ধরা ফার্মেসিকে ৫ হাজার টাকা, একই এলাকার মেসার্স বি এন ফার্মেসিকে ২০ হাজার টাকা ও মেসার্স জাপান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা এবং চাক্তাইয়ের মেসার্স হক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।