ছয়টি ওষুধের দোকানকে লক্ষাধিক টাকা জরিমানা

অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট, গরু মোটাতাজা করার ওষুধ, ভায়াগ্রা ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামে ছয়টি দোকানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন নগরের বহদ্দারহাট এলাকার হক মার্কেটে এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, জব্দ করা উচ্চ মূল্যের ফুড সাপ্লিমেন্টগুলো বিভিন্ন ভিটামিনের নামে বিক্রি করা হয়। অথচ আদতে এসব ওষুধের কোনো ভিটামিন মূল্য নেই। অভিযান চালানো ছয়টি দোকানের মধ্যে পাঁচটিতে প্রায় পাঁচ লাখ টাকার ফুড সাপ্লিমেন্ট পাওয়া গেছে। দোকানগুলোকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ফুড সাপ্লিমেন্ট ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে মেসার্স ইদ্রিস ফার্মেসিকে ৩০ হাজার, মেসার্স শাহ আমানত ফার্মেসিকে ২০ হাজার, মেসার্স যমুনা ফার্মেসিকে ২০ হাজার, আজগর শাহ ফার্মেসিকে ২০ হাজার ও মেসার্স চাঁদগাও ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেসার্স শর্মি মেডিকেল নামের আরেকটি দোকানকে গরু মোটাতাজা করার ওষুধ, ভায়াগ্রা ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।