ছয়টি ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের ছয়টি ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রকে (ডায়াগনস্টিক সেন্টার) ২৮ হাজার টাকা জরিমানা করেছেন। সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর রহমান ওই জরিমানা করেন।জানা গেছে, শহরের আল এহ্সান ক্লিনিক, সেবা ক্লিনিক ও শারমিন ক্লিনিক এবং কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও মাগুরা এক্স-রেকে ওই জরিমানা করা হয়। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সময়মতো লাইসেন্স নবায়ন না করা, সার্বক্ষণিক চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ান না থাকা, অস্ত্রোপচার কক্ষ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করে আদালত-নির্ধারিত ১৮ হাজার টাকা জরিমানা দেন। তবে আল এহ্সান ও শারমিন ক্লিনিকের মালিক পলাতক থাকায় তাঁদের জরিমানার ১০ হাজার টাকা অনাদায়ী রয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা আদালতের কাছে পরিশোধ না করলে ক্লিনিক দুটির মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানা গেছে।