কুড়িগ্রাম পৌরসভার ই-তথ্যকেন্দ্র অকার্যকর হওয়ায় এ সম্পর্কে পৌরবাসীর ধারণা নেই। পৌরসভার রাস্তাঘাট, সড়কবাতি, পানি ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ত্রাণপ্রাপ্তি নিয়ে সেবাগ্রহীতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। মশা ও কুকুর নিধন কার্যক্রমও মন্থর।গত বুধবার প্রকাশ করা সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত সিটিজেন্স রিপোর্ট কার্ড জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত এ জরিপ পরিচালিত হয়। প্রতিবেদনে দেখা গেছে, ময়লা-আবর্জনা অপসারণ, স্যানিটারি ল্যাট্রিন, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, কর প্রদান ও ভাতা পাওয়ার ক্ষেত্রে সেবার মান বেড়েছে। তবে তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। অপর দিকে মশা ও কুকুর নিধন কার্যক্রম, পানি সরবরাহ, রাস্তাঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ত্রাণপ্রাপ্তি এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে সেবার মান কমেছে। কুড়িগ্রাম সনাকের সভাপতি মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে পৌর মেয়রের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির উপ-কর্মসূচি ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা।