বিএনপি আহূত গতকালের হরতালের আগের রাতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর চারটি থানায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ করা হয়। মামলায় সাড়ে পাঁচ শ লোককে আসামি করা হয়। এসব ঘটনায় পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার রাতে রাজধানীতে আটটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে মগবাজারে একটি ও মিরপুরে একটি গাড়িতে আগুন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে। বাকি ছয়টি গাড়ি হরতাল-সমর্থকদের হামলার শিকার হয়। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিএনপির কর্মীরা শনিবার রাতে রাজধানীতে আট থেকে ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। জাতি বিএনপির কাছ থেকে এটা আশা করেনি।দমকলের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, গত রাতে দমকল বাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিদগ্ধ গাড়িগুলোর আগুন নিভিয়ে ফেলেছেন। এসব গাড়িতে আগুন লাগার কারণ তদন্ত না করে বলা যাবে না বলে নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়। মহানগর পুলিশ সূত্র জানায়, শনিবার রাত পৌনে আটটার দিকে বিজয়নগর রাস্তার ওপর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ইউসুফ নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় মহিউদ্দিন, জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম টিটু, নাসিমসহ ৪০ জনকে আসামি করা হয়।নিউমার্কেটের সামনে একটি গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জাহাঙ্গীর, আবু জাফর, হারুন অর রশিদসহ ২৯ জনকে নাম ধরে এবং অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। তবে এ মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।মিরপুর ১০ নম্বর গোলচত্বরের সামনে রাত সাড়ে আটটার দিকে রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, লতিফসহ ১৩০-১৩৫ জন একটি গাড়ি জ্বালিয়ে দেয়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে। রাত ১০টা ৫০ মিনিটের দিকে মিরপুর টেকনিক্যালের কাছে আরেকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এতে হামিদ, হেলাল, স্বাধীনসহ ১২৫-১২৬ জনকে আসামি করা হয়েছে। এর কিছু আগে স্বাধীন বাংলা সুপার মার্কেটের সামনে আবুল হোসেন, কাজল, আবু তাহের সাজুসহ ১৭০-১৮০ জন একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের পরপরই পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি।রাত ১০টা ৩০ মিনিটের দিকে সেনপাড়া পর্বতা এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের কাছে একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জুয়েল রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। মামলায় আলী আজগর, সামিউল, রশিদ, লিটন, সাইফুল, লিটনসহ ১৫ জনকে আসামি করা হয়। ছয়টি মামলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হরতালের আগের রাতে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন লাগানোর আশঙ্কা তাঁরা আগে থেকেই করছিলেন। হরতালের সমর্থকেরা এসব হামলা করেছে। ওই কর্মকর্তা বলেন, তাঁদের কাছে খবর ছিল বিএনপির এক নেতা দলীয় কর্মীদের উসকানি দিয়ে যানবাহনে আগুন লাগাতে সহায়তা করেছেন। এ জন্য তিনি কর্মীদের আর্থিক-সহায়তা দিয়েছেন বলে তিনি জানান। ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ আগে থেকেই এ ব্যাপারে সজাগ ছিল। তার পরও আগুনের ঘটনা ঘটেছে।