ছয়টি গির্জার জন্য বরাদ্দ চাল ভুয়া নামে আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বড়দিন উপলক্ষে ছয়টি গির্জার নামে ছয় টন চাল বরাদ্দ করেছিল সদর উপজেলা প্রশাসন। সেই চাল ভুয়া নামে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, বড়দিন উপলক্ষে সিলেটের ছয়টি গির্জায় পুণ্যার্থীদের খাদ্যের জন্য চাল বরাদ্দ চেয়ে গত ২ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর আবেদন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সামাজিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিবসতিন নকয়েক তানসেন। গির্জাগুলো হচ্ছে: নয়াসড়ক এলাকার সিলেট প্রেস বিটারিয়ান চার্চ, লাক্কাতুরা প্রেস বিটারিয়ান চার্চ, মংলীপাড়া বড়শালা প্রেস বিটারিয়ান চার্চ, কালাগুল প্রেস বিটারিয়ান চার্চ, খাদিম প্রেস বিটারিয়ান চার্চ ও পাঠানটুলা প্রেস বিটারিয়ান চার্চ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন প্রতিটি চার্চের জন্য এক টন করে সর্বমোট ছয় টন চাল বরাদ্দ দেয়।খ্রিষ্টান ধর্মাবলম্বীরা অভিযোগ করেন, তানসেনের আবেদন করা ছয়টি গির্জার মধ্যে পাঠানটুলা প্রেস বিটারিয়ান চার্চ নামে কোনো গির্জার অস্তিত্ব নেই। বাকি পাঁচটি গির্জার সম্পাদক হিসেবে ভুয়া কিছু নাম সংযুক্ত করা হয়েছে। যেসব ব্যক্তির নাম আবেদনে সংযুক্ত করা হয়েছে, তাঁদের একজন ছাড়া বাকিদের কোনো অস্তিত্বই নেই। শুধু নয়াসড়ক এলাকার সিলেট প্রেস বিটারিয়ান চার্চের সম্পাদক হিসেবে ইনশ্বাল ডিও নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। তিনি ওই গির্জার একজন সদস্য। কোনো দায়িত্বশীল পদে নেই। এ ব্যাপারে ইনশ্বাল ডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুনেছি, আমার নামে এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আমি ওই চাল উত্তোলন করিনি। কে বা কারা আমার নাম ব্যবহার করে ওই চাল উত্তোলন করেছেন। আমি লিখিতভাবে বিষয়টি সদর ইউএনওকে অবহিত করেছি।’গতকাল বুধবার দুপুরে পাঁচটি গির্জার সম্পাদকসহ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ৫০ জনের স্বাক্ষরিত অভিযোগপত্রটি সদর ইউএনও বরাবর দাখিল করা হয়। এতে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নয়াসড়ক প্রেস বিটারিয়ান চার্চের সম্পাদক উইলসন গ্রে বলেন, ‘চার্চের নামে চাল বরাদ্দ দেওয়া হলেও, সেই সব চাল কোনো চার্চেই দেওয়া হয়নি। তানসেন নামের এক ব্যক্তি ওই চাল তুলে আত্মসাৎ করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ অভিযুক্ত ব্যক্তি দিবসতিন নকয়েক তানসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ধরেননি। এ ব্যাপারে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মনোয়ার মুর্শেদ প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছিলেন। আবেদনপত্রটি আমাদের কাছে আসার পর সংশ্লিষ্ট ছয়টি গির্জার জন্য ২০ ডিসেম্বর ছয় টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘বরাদ্দের বিষয়টি জানতে পেরে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ভুয়া নামে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে মৌখিক ও লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে তানসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’