ছয়টি ট্রাকের তিনটিই নষ্ট
রংপুর পৌরসভায় ময়লা-আবর্জনা পরিবহনের ছয়টি ট্রাকের মধ্যে তিনটি নষ্ট হওয়ায় শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ জমা হয়ে রয়েছে। ফলে পচা দুর্গন্ধে পৌরবাসী অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাসাবাড়ির সামনে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। শহরের সেন্ট্রাল রোডের হারাগাছ বেবিস্ট্যান্ডের পাশে ময়লা জমতে জমতে সেখান থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। আর কে রোড চেকপোস্ট ও শালবন ইন্দিরা মোড়ের পাশেও একই চিত্র।এ ছাড়া শহরের কলেজ রোডের বাসস্ট্যান্ড, নিউ জুম্মাপাড়া, গুপ্তপাড়া, ঠিকাদারপাড়া, তাজহাট, বাবুপাড়া, কেরানীপাড়া মোড়, জলকর, হনুমানতলা, রাধাবল্লভ, মুলাটোল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মুন্সিপাড়া, সেনপাড়াসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভা আগে বর্জ্য অপসারণে গাড়ি দিয়ে এসব ময়লা সরিয়ে নিলেও এখন তা করছে না। অনেক স্থানে সপ্তাহে এক দিনও ময়লা-আবর্জনা সরানোর গাড়ি যায় না। আর বর্জ্য অপসারণ না করায় কুকুরের বিচরণ দেখা দিয়েছে। কখনো কখনো এসব বর্জ্য কুকুর মুখে করে নিয়ে অন্যত্র ফেলছে।রংপুর মেডিকেল কলেজের প্রবেশমুখে ময়লার স্তূপ পড়ে রয়েছে। মেডিকেল কলেজের শিক্ষার্থী আলেয়া ফেরদৌসী বলেন, কী আর করার আছে। পচা দুর্গন্ধের স্থানটুকু কষ্ট করে চলতে হয়। লায়লা আঞ্জুমান আরা বলেন, এই আবর্জনায় যখন পশুপাখি বসে ময়লা ওলট-পালট করে, তখন খুব দুর্গন্ধ ছড়ায়। রাকিবুল ইসলাম বলেন, হাসপাতালেই যদি এমন অবস্থা হয়ে থাকে, তাহলে অন্যান্য এলাকার কী হতে পারে?বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রংপুর শাখার সদস্য সৈয়দ মামুনুর রহমান বলেন, ময়লা-আবর্জনা তো ফেলা হবেই। এই আবর্জনা এখান থেকে অপসারণের দায়িত্ব পৌরসভার। কিন্তু প্রতিদিন সরানোর নিয়ম থাকলেও তারা (পৌরসভা) তা করছে না। এর ফলে পরিবেশ বিপন্ন হয়ে ওঠার উপক্রম হয়েছে।রংপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজমল হোসেন বলেন, ডাস্টবিন বসানোর ক্ষেত্রে পৌরসভার কোনো পরিকল্পনা নেই। এর আগে যেগুলো বসানো হয়েছিল, সেগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কায়সার শরিফ খান বলেন, পৌরসভার ময়লা-আবর্জনা যেখানে-সেখানে পড়ে থাকার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে।পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ময়লা-আবর্জনা সরানোর ছয়টি ট্রাকের মধ্যে অনেক পুরোনো হওয়া তিনটি ট্রাক নষ্ট হয়ে গেছে। এ ছাড়া লোকবল না থাকায় এত বড় শহরের ময়লা-আবর্জনা সরানো কষ্টকর হয়ে উঠেছে।