ছয়টি দস্যু বাহিনীর নিয়ন্ত্রণে সুন্দরবন
সুন্দরবনকেন্দ্রিক ছয়টি দস্যু বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় পাঁচ লাখ জেলে ও বনজীবী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গত দুই বছরে জলদস্যু বাহিনীর শীর্ষ নেতাসহ ৩৭ সদস্য নিহত হলেও এসব বাহিনীকে নিবৃত্ত করা যাচ্ছে না। পুনরায় ওই বাহিনীর সদস্যরা নতুন দল গঠন করে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সুন্দরবনে বর্তমানে ছয়টি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে বলে জানা গেছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, গত তিন মাসে বঙ্গোপসাগর ও আশপাশের নদনদীতে প্রায় দেড় হাজার ট্রলারে ডাকাতি করে জলদস্যুরা। ১৭০টি ট্রলারসহ প্রায় সাড়ে তিন হাজার জেলেকে অপহরণ করে তারা। স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনকেন্দ্রিক দস্যু বাহিনীর প্রধান আব্বাস, আকাশ, জুলফিকার, জিহাদ, রাজু, জাকির, গামা, মানিক, মোতালেবসহ কমপক্ষে ৩৭ জন সদস্য গত দুই বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। পরে জুলফিকার ও রাজু বাহিনীর সদস্যরা পৃথক পাঁচটি দল গঠন করে বর্তমানে দস্যুতা চালাচ্ছে। এ ছাড়া সাগর বাহিনী নামে নতুন আরেকটি বাহিনী সক্রিয় রয়েছে। জেলেরা জানান, ওই ছয়টি দস্যু দলের হাতে এই অঞ্চলের প্রায় পাঁচ লাখ জেলে, বাওয়ালি, মৌয়ালসহ অন্য বনজীবীরা জিম্মি হয়ে পড়েছেন। বন ও সাগরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা একের পর এক সশস্ত্র হামলা চালাচ্ছে।সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতায় গোলপাতা সংগ্রহকারী কয়েকজন বাওয়ালি নাম প্রকাশ না করার শর্তে জানান, সুন্দরবনে এই মৌসুমে প্রায় ১০ হাজার বাওয়ালি নৌকা নিয়ে গোলপাতা সংগ্রহ করেন। এ জন্য দস্যু দলকে নৌকাপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিয়ে আগাম টোকেন সংগ্রহ করে বনে প্রবেশ করতে হয়। মৌয়ালদের কাছ থেকেও একই হারে চাঁদা নেওয়া হয় বলে জানান তাঁরা। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে সুন্দরবনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ করছে ছয়টি বাহিনী। জুলফিকার বাহিনীর প্রধান জুলফিকারের মৃত্যুর পর দলের শীর্ষস্থানীয় দুই সদস্য মর্তুজা ও রেজাউল পৃথক হয়ে আলাদা দুটি বাহিনী গঠন করে। রেজাউল বাহিনীর সদস্যসংখ্যা ২০-২৫ জন। তারা অধিকাংশ সময় দুবলা টহল ফাঁড়ির সামনে নীলবাড়িয়ার ভেতর এবং দুবলাসংলগ্ন এলাকায় অবস্থান করে। আকারে ক্ষুদ্র হলেও এই বাহিনীটি অত্যন্ত হিংস্র বলে জেলেরা জানিয়েছেন। অপরদিকে ৯০ জন সদস্য নিয়ে গড়ে তোলা মর্তুজা বাহিনী সুন্দরবনের ভদ্রেরচর ও চরাপুটিয়া এলাকায় অবস্থান নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। গত ১৮ জানুয়ারি এই বাহিনীর গুলিতে সুন্দরবনের দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ আহত হন।এ ছাড়া রাজু বাহিনীর প্রধান রাজুর মৃত্যুর পর দলের তিন শীর্ষস্থানীয় সদস্য পৃথক তিনটি দল গঠন করে। এগুলো হলো শহীদুল, ফরহাদ ও আল-আমিন বাহিনী। এই দল তিনটি হিরণ পয়েন্টের পশ্চিম পাড়ে শিবসা নদীতে ডাকাতি করে। এই তিনটি বাহিনীতে প্রায় ১০০ জন সদস্য রয়েছে। দুবলা, আলোরকোল, মেহের আলীরচর, অফিস কেল্লা ও মাঝের কেল্লায় অবস্থানরত ব্যবসায়ী, বহদ্দার (মহাজন) ও জেলেরা তাদের কাছে জিম্মি রয়েছেন। আর সাগর বাহিনী বলেশ্বর নদ, কুয়াকাটার গঙ্গামতী, বিষখালী-পায়রা নদীর মোহনা এলাকায় সক্রিয়।কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের একজন কর্মকর্তা জানান, সুন্দরবনের দস্যুরা বনের গভীরে আস্তানা গড়ে তুলে অপতৎপরতা চালাচ্ছে। কোস্টগার্ড স্বয়ংসম্পূর্ণ বাহিনী না হওয়ায় তাদের পক্ষে গহিন বনে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এসব দস্যু দলের প্রধানেরা নিহত হলেও অপর সদস্যরা সংগঠিত হয়ে নতুন দল গঠন করে দস্যুতা চালাচ্ছে।পশ্চিমাঞ্চলের গোয়েন্দা শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট বাছেদ বলেন, সুন্দরবন এলাকায় কোস্টগার্ডের পাঁচটি স্টেশন (আউটপোস্ট) রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর তারা ঘটনাস্থলে বিশেষ অভিযান চালায়। তবে গহিন বনে অনেক সময় তাদের পক্ষেও অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।