প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে ছয়টি নতুন জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ জন্য চীনের জাতীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বিএসসির একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। গত শুক্রবার চীনে এই সমঝোতা স্মারক সই হয়।বিএসসি সূত্র জানায়, ছয়টি জাহাজের নির্মাণ-ব্যয় বাবদ প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা বিএসসিকে ঋণসহায়তা হিসেবে দিচ্ছে চীনের প্রতিষ্ঠান সিএমসি। এ জন্য এসব জাহাজ নির্মাণ করা হবে চীনের জাহাজ নির্মাণ ইয়ার্ডে। এ ছয়টি জাহাজের মধ্যে দুটি প্রোডাক্ট ক্যারিয়ার, দুটি বাল্ক ক্যারিয়ার ও দুটি কনটেইনারবাহী জাহাজ। প্রোডাক্ট ক্যারিয়ার ও বাল্ক ক্যারিয়ার জাহাজের প্রতিটির ধারণক্ষমতা প্রায় ৪০ হাজার মেট্রিক টন এবং কনটেইনার জাহাজের ধারণক্ষমতা প্রতিটি প্রায় এক হাজার ২০০ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে)।সমঝোতা স্মারকে বিএসসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের স্বাক্ষর করেন। এ সময় বিএসসির প্রতিনিধিদলে ছিলেন নির্বাহী পরিচালক (বাণিজ্য) মোস্তফা কামাল উদ্দীন, নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মাওলা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মো. সাঈদ উল্লাহ ও মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) আবু হেলাল সিদ্দিকী।