ছয়টি পরিবারকে উচ্ছেদ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর মালগাঁও গ্রামে গত শুক্রবার ১৪টি ঘর ভেঙে ছয়টি পরিবারকে অবৈধভাবে উচ্ছেদ এবং মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। প্রভাবশালীদের ভয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মামলা করার সাহস পাচ্ছে না। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, ডামুড্যার ধানোকাঠি ইউনিয়নের চর মালগাঁও মৌজার ১৮৯ নম্বর খতিয়ান ও ৩৯০১ নম্বর দাগের ২০ শতাংশ জমি নিয়ে সহদেব বৈদ্য ও স্বপন মণ্ডলের মধ্যে শরীয়তপুর সহকারী জজ আদালতে মামলা চলছিল। ওই দাগে ৬১ শতাংশ জায়গার মধ্যে সহদেব বৈদ্য, সত্যরঞ্জন বৈদ্য, অতুল বৈদ্য, নিতাই বৈদ্য, হিমাংসু বৈদ্য, সুজন বৈদ্যর পরিবারের ১৪টি ঘর ছিল। মামলায় স্বপন মণ্ডলের পক্ষে রায় হয়। আদালতের রায়ের ভিত্তিতে শুক্রবার ডামুড্যা থানার পুলিশ ওই জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। বেলা ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্থাপনা অপসারণ শুরু হয়। দুপুর ১২টায় পুলিশ চলে যাওয়ার পর স্বপন মণ্ডলের নেতৃত্বে ৪০-৫০ জন লোক পুরো ৬১ শতাংশ জায়গা থেকে ওই ছয়টি পরিবারের ঘরগুলো ভেঙে ফেলে। তারা বাড়ির প্রায় ৩০টি গাছ কেটে নিয়ে যায়। ঘরের আসবাব ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় বাড়ির লোকজনকে মারধরও করা হয়। সহদেব বৈদ্য বলেন, ‘পুলিশ ঘর ভাঙার নির্দেশ দেওয়ায় আমরা বিরোধপূর্ণ ২০ শতাংশ জমি খালি করে দিচ্ছিলাম। কিন্তু পুলিশ যাওয়ার পর স্বপন মণ্ডলের নেতৃত্বে ৪০-৫০ জন লোক আমাদের পুরো বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা করার সাহস পাচ্ছি না।’ ধানোকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘এমন একটি বর্বর ঘটনা আমার এলাকায় ঘটেছে, ভাবতেও কষ্ট হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’ অভিযুক্ত স্বপন মণ্ডল বলেন, ‘মামলায় আমরা জেতার পর আদালত বিবাদীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আমরা তখন উপস্থিত ছিলাম। ৬১ শতাংশ জায়গাই আমাদের। তাঁদের বাড়িতে কেউ লুটপাট করেছে কি না, জানি না।’ ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম বলেন, ‘আদালতের নির্দেশে ওই ২০ শতাংশ জমির দখল বুঝিয়ে দিতে গিয়েছিলাম। দুই পক্ষকে ডেকে শান্তিপূর্ণভাবে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের উপস্থিতিতে কোনো অঘটন ঘটেনি। পুলিশ চলে আসার পর কী ঘটেছে জানি না। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।’