ছয়টি ফেরির ক্যান্টিন পরিচালনায় অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-চরজানাজাত নৌপথে চলাচলকারী ছয়টি ফেরির ক্যান্টিন পরিচালনায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি বছর দরপত্রের মাধ্যমে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা থাকলেও তিন বছর ধরে তা মানা হচ্ছে না। আবার এখন বংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) নিজেদের লোকবল দিয়ে ক্যান্টিনগুলো পরিচালনার উদ্যোগ নিয়েছে। এতে অনিয়ম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।বিআইডব্লিউটিসি আরিচার কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে দরপত্রের মাধ্যমে ব্যবসায়ীদের ছয়টি রো রো ফেরির ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে দরপত্র ছাড়াই সময় বাড়িয়ে বাড়িয়ে তাঁরাই ক্যান্টিন পরিচালনার দায়িত্ব পালন করছেন। বিআইডব্লিউটিসির ক্যাটারিং বিভাগ সূত্র জানায়, মাসখানেক আগে নির্ধারিত সময়ের আগেই চুক্তি বাতিল করে ছয়টি ক্যান্টিনের মধ্যে আমানতশাহ ও শাহজালাল ফেরির ক্যান্টিন দুটি পরিচালনা করা হচ্ছে সংস্থার নিজস্ব লোকবল দিয়ে।আগে ক্যান্টিন পরিচালনা করত এমন কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, ২০০৬ সালে ক্যান্টিনের ভাড়া বাবদ তিন হাজার ৯০০ টাকা পর্যন্ত দর উঠলেও কম দরদাতাদের কাজ দেওয়া হয়। এরপর সংস্থার এক শ্রেণীর কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সময় বাড়িয়ে বছর বছর একই ব্যবসায়ীকে কাজ দিয়ে আসছে। বর্তমানে প্রতিদিন একটি ফেরির ক্যান্টিন থেকে ভাড়া আদায় করা হচ্ছে দুই হাজার ২৭৫ টাকা। তবে শাহমখদুম ফেরির ঠিকাদার ফরিদ আহমেদ চৌধুরী জানান, নিয়মের মধ্য থেকেই তাঁরা তিন বছর ধরে ক্যান্টিন পরিচালনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, বিআইডব্লিউটিসি তাদের লোকজন দিয়ে ক্যান্টিন পরিচালনা করলে কোনো জবাবদিহিতা থাকবে না। ফলে সরকারি অর্থের তসরুপের আশঙ্কা দেখা দেবে। বিআইডব্লিউটিসির ক্যাটারিং ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এ অভিযোগের কথা অস্বীকার করে জানান, ব্যবসায়ীরা প্রতিবছরই সিন্ডিকেটের মাধ্যমে দরপত্রে অংশ নিয়ে কম দরে ক্যান্টিনগুলোর পরিচালনার কাজ নিয়ে আসছিলেন। এতে অনেক ঝামেলা হতো।