শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ছয়টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ। ওই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে। যেকোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও গাড়িচালকেরা।
ইতিমধ্যে ১০ টনের বেশি ভারী গাড়ি ওই সেতুগুলোতে না ওঠার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজ বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার খোয়াজপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি ৪০ কিলোমিটার দীর্ঘ। এ সড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। ২০০১ সাল থেকে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
এ সড়কের বালার বাজার, গাজিপুর, সাজনপুর, জাজিহার, বুড়িরহাট ও পাপরাইলে ছয়টি বেইলি সেতু রয়েছে। সেতুগুলো ২৫-৩০ বছর আগের তৈরি। সেতুগুলো যখন নির্মাণ করা হয়েছে, তখন এখান দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করত না। ১৬ বছর যাবৎ এ সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। ভারী যানবাহন চলতে চলতে সেতুগুলো দুর্বল হয়ে পড়েছে। সেতুগুলো পুরোনো হয়ে যাওয়ায় স্টিলের পাত ভেঙে গেছে। অনেক স্থানে পাটাতন ভেঙে গেছে। স্থানীয় সড়ক বিভাগ মেরামত করে সেতুগুলো চালু রেখেছে।
গত ২৮ অক্টোবর শরীয়তপুর-চাঁদপুর সড়কের বালার বাজার এলাকার সেতুতে রডবোঝাই একটি ট্রাক উঠলে সেতুটির একটি অংশ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। তখন ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই বেইলি সেতুটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করতে এক মাস সময় লেগেছে।
এ সড়ক দিয়ে মোংলা বন্দর, বেনাপোল ও চট্টগ্রামের যে পণ্যবাহী ট্রাকগুলো চলাচল করে, সেগুলোতে ৩০ থেকে ৩৫ টন পণ্য বোঝাই করা হয়। অথচ বর্তমানে ওই সেতুগুলোর ১০ থেকে ১২ টন ওজন বহন করার সক্ষমতা রয়েছে। ঝুঁকি নিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকগুলো ওই সব সেতু দিয়ে চলাচল করছে।
বেনাপোল থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক রতন ব্যাপারী বলেন, ‘শরীয়তপুরের ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতেই আমাদের ভয় লাগে। ছয়টি বেইলি সেতু পার হওয়ার সময় আতঙ্কে থাকি। যেকোনো সময় সেতুগুলোতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
বরগুনা থেকে চট্টগ্রামগামী বাসের চালক সিরাজুল ইসলাম বলেন, ‘সেতুতে উঠলেই ভয় লাগে। সেতুগুলো পার হওয়ার সময় দোয়া-দরুদ পড়তে থাকি।’
ওই বাসের যাত্রী লিংকন হোসেন বলেন, ‘সহজ হওয়ায় এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করি। কিন্তু সব সময় আতঙ্কে থাকি। ১০ টনের বেশি পণ্যবোঝাই গাড়ি সেতুতে উঠতে নিষেধ করে সাইনবোর্ড ঝোলানো হয়েছে, অথচ ৩০ টনের বেশি পণ্য বোঝাই করে ট্রাক চলাচল করছে। কেউ বাধা দিচ্ছে না।’
শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, এ সড়কের বেইলি সেতুগুলো অনেক পুরোনো। এ কারণে দুর্বল হয়ে পড়েছে। সেতুগুলো ভেঙে নতুন সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।