
যশোরের ওপর দিয়ে যাওয়া চারটি জাতীয় ও দুটি আঞ্চলিক মহাসড়কের অবস্থা অত্যন্ত নাজুক। যশোরে ঢোকার মুখে সবগুলো সড়কের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল করে হেলেদুলে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, তৈরি হচ্ছে তীব্র যানজট।
সম্প্রতি সড়কগুলো ঘুরে দেখা গেছে, চারটি জাতীয় মহাসড়কের মধ্যে ঢাকা-খুলনা সড়কের যশোর শহরের পালবাড়ি-চাঁচড়া-মুড়ুলির ছয় কিলোমিটার, পালবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ুলির সাড়ে ছয় কিলোমিটার, যশোর-বেনাপোলের নাভারণ মোড় পর্যন্ত ২৩ কিলোমিটার ও যশোর-ঝিনাইদহ সড়কের পালবাড়ি থেকে ১৬ কিলোমিটারের মধ্যে আট কিলোমিটারের অবস্থা বেশি খারাপ। এ ছাড়া দুটি আঞ্চলিক মহাসড়কেরও একই রকম অবস্থা। এর মধ্যে যশোর-চুকনগর সড়কের ৩৮ কিলোমিটার ও যশোর-নাভারণ-সাতক্ষীরা সড়কের নাভারণ মোড় থেকে সাতক্ষীরার ইলিশপুর পর্যন্ত ১৭ কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী। এসব সড়কে চলাচল করতে গিয়ে মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, পালবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ুলি পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার মহাসড়ক সংস্কারের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্রও আহ্বান করা হয়েছে। যশোর-নাভারণ-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের নাভারণ থেকে ইলিশপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের মধ্যে আট কিলোমিটার সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের ৩৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজের জন্য দুটি অংশে ২১ কোটি টাকার প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে একটি অংশের প্রস্তাব পাস হয়েছে। এ ছাড়া অন্য সড়কগুলোর জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ইট-বালু ফেলে সাময়িক চলাচলের উপযোগী করার কাজ শুরু করা হয়েছে। বর্ষা মৌসুমের কারণে বড় কাজ করা যাচ্ছে না।
শহরের বকচর এলাকার বাসিন্দারা সম্প্রতি সড়ক সংস্কারের দাবিতে ওই এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, মনিহার থেকে মুড়ুলি পর্যন্ত গোটা রাস্তা চষা খেতে পরিণত হয়েছে। তাঁরা অভিযোগ করেন, বছর দেড়েক আগে মহাসড়কের এই অংশটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে সংস্কার করা হয়। সংস্কারের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় তিন মাস না যেতেই সড়ক নষ্ট হয়ে যায়।
সংস্কারের তিন মাসেই সড়ক ধসে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে সংস্কারকারী ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতাক্ষী এন্টারপ্রাইজের সহকারী প্রকৌশলী আজমল হক সরকার বলেন, বকচর এলাকায় সড়কের পানি সরার কোনো নালা নেই। বৃষ্টির পানি ও সড়কের পাশের বাড়িঘরের চালের পানি সড়কের ওপরে পড়ে। যে কারণে বিটুমিন উঠে সড়ক ভেঙে যায়। পানিনিষ্কাশন-ব্যবস্থা ঠিক না করে যত ভালো কাজই করা হোক ওই এলাকায় তা টিকবে না।
১৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বছর দুয়েক আগে যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়ক সংস্কার করা হয়। সংস্কারের এক বছরের মাথায় সড়কের বিটুমিনের আস্তরণ উঠে যায়। এখন শহরের চাঁচড়া মোড় থেকে শার্শা উপজেলার নাভারণমোড় পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক এবং যাত্রীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করছে।
কাজ শেষ হওয়ার এক বছরের মাথায় বিটুমিন উঠে যাওয়ার ব্যাপারে মেহেদী ইকবাল বলেন, সড়কটি সংস্কারের সময় যে বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছিল তার গুণগত মান যথেষ্ট ঠিক ছিল না। যে কারণে নির্দিষ্ট সময়ের আগেই সড়ক নষ্ট হয়েছে।