ছয়টি রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ছয়টি সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে মাত্র দুটিতে সাব-রেজিস্ট্রার রয়েছে। এ ছাড়া ব্যাংকের পে-অর্ডার পাওয়ার ক্ষেত্রেও বেশ সমস্যা হওয়ায় জমির ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলায় দুটি এবং বোদা, আটোয়ারী, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় একটি করে সাব-রেজিস্ট্রি অফিস রয়েছে। এর মধ্যে শুধু জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নিচে অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিসে একজন এবং আটোয়ারী সাব-রেজিস্ট্রি অফিসে একজন সাব-রেজিস্ট্রার রয়েছেন। এ দুজন সাব-রেজিস্ট্রার বাকি চারটি রেজিস্ট্রি অফিসে সপ্তাহে এক দিন করে জমি ক্রয়-বিক্রয়ের দলিল সম্পাদন করেন। এদিকে বোদা সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের সংকটের কারণে ৫০ জন নকলনবিশ প্রায় বেকার সময় কাটাচ্ছেন। পঞ্চগড় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবদুল ওয়ারেস বলেন, দলিল রেজিস্ট্রি করতে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে পে-অর্ডার নিতে হয়। প্রতি দলিলে চারটি করে পে-অর্ডার লাগে। এ কারণে প্রতিদিন গড়ে ১০০ দলিল রেজিস্ট্রি হলে ৪০০ পে-অর্ডারের প্রয়োজন হয়। কিন্তু পঞ্চগড় সোনালী ব্যাংকে সরকারি সব ধরনের ভাতা দেওয়ার কারণে পে-অর্ডার পেতে বিলম্ব হয়। বিকেল চারটার পর ব্যাংক বন্ধ হলেও ব্যাংক পে-অর্ডার দেয় পাঁচটা-ছয়টার দিকে। সে সময় পে-অর্ডার নিয়ে আর জমি রেজিস্ট্রি করা যায় না।সাব-রেজিস্ট্রার মো. জহিরুল ইসলাম জানান, অধিকাংশ সময়ই দলিল লেখকেরা অফিস সময়ের পর দলিল রেজিস্ট্রি করতে আসেন। দূর-দূরান্ত থেকে জমির ক্রেতা-বিক্রেতারা আসায় তাঁদের অনুরোধে অফিস সময়ের পরও দলিল রেজিস্ট্রি করতে হচ্ছে।সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মহিদুর রহমান চৌধুরী জানান, জেলা শহরে সোনালী ব্যাংকের একটি শাখা। সরকারি সব লেনদেনসহ সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা, বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, স্বামী পরিত্যক্তা-ভাতা, মুক্তিযোদ্ধা-ভাতা, প্রতিবন্ধী-ভাতা এই ব্যাংক থেকেই পরিশোধ করা হচ্ছে। এ ছাড়া জনবল কম থাকায় সময়মতো সব সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। জেলা রেজিস্ট্রার আবদুর রশিদ জানান, সপ্তাহে এক দিন রেজিস্ট্রি সম্পাদন হলেও সরকারের রাজস্ব আয়ে তেমন একটা হেরফের হচ্ছে না। তবে জমির ক্রেতা-বিক্রেতারা নিয়মিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কিছুদিন আগে বিভিন্ন জেলায় ১৮ জন সাব-রেজিস্ট্রার দেওয়া হয়েছে। কিন্তু পঞ্চগড়ে একজনও দেওয়া হয়নি।