২০১৭ সালে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক পরীক্ষায় আগের মতো ছয়টি প্রশ্ন বহাল রাখার দাবিতে কুমিল্লা নগরের তিনটি সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লা টাউন হল এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, এইচএসসিতে আগের মতো একটি বিষয়ে ছয়টি সৃজনশীল প্রশ্ন থাকতে হবে। একই সঙ্গে বহুনির্বাচনী প্রশ্ন (নৈর্ব্যক্তিক) ৪০টি থাকতে হবে। কিন্তু ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সাতটি রাখা হয়েছে। এ ছাড়া বহুনির্বাচনী প্রশ্ন ১০টি কমানো হয়েছে। এ কারণে তারা আন্দোলন করছে। ইংরেজি ছাড়া এখন প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন আছে।
সকাল সাড়ে নয়টার আগেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী টাউন হল মাঠে জড়ো হয়। এরপর তারা কান্দিরপাড় সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে। পরে শিক্ষার্থীরা কান্দিরপাড় সড়কে মানববন্ধন করে।
প্রতিবাদ সমাবেশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী বলে, ছয়টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষার হলে লিখতে গিয়েই বেগ পেতে হয়। এখন সাতটি করে শিক্ষার্থীদের ওপর বোঝা চাপানো হয়েছে। অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) যেভাবে কারিকুলাম নির্ধারণ করে দেয়, সেভাবে আমরা প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিচ্ছি। এর বাইরে আমাদের বলার কিছু নেই।’