কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ছয়টিতে আওয়ামী লীগের, পাঁচটিতে বিএনপির ও তিনটিতে জাসদের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এই উপজেলায় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ মোট ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০৭ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বহলবাড়ীয়া ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্বাস উদ্দিন ও সাইদুর রহমান। তালবাড়ীয়া ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান ও জাসদের বিদ্রোহী আবু সালেক। বারুইপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। ফুলবাড়িয়ায়ও পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল ইসলাম। আমলা ইউপিতে ছয়জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম।
সদরপুর ইউপিতে আটজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম ও মাজেদুর আলম। বিএনপির বিদ্রোহী রমজান আলী।
ছাতিয়ান ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন। পোড়াদহ ইউপিতে ছয়জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেনজীর আহমেদ ও ফারুকুজ্জামান জন। কুর্শা ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মালিহাদ ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমবাড়ীয়া ইউপিতে সাতজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে জাসদের বিদ্রোহী মোশারফ হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী হাসান আলী ও আবদুর রাজ্জাক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো ইউপিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকবে না বলে আশা করছি।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বলেন, জোটগত কারণে কিছু কৌশল নেওয়া হয়েছে। ভোটের সময় ঠিক হয়ে যাবে।