ছয়টিতে আওয়ামী লীগের একটিতে বিএনপির বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতেই রয়েছে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। এতে চাপে পড়েছেন দলটির মনোনীত প্রার্থীরা। বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নেতাদের ওপর ক্ষোভ ঝাড়ছেন তাঁরা। এদিকে একটি ছাড়া উপজেলা সব কটি ইউনিয়নেই একক প্রার্থী রয়েছে বিএনপির।
উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২৮ মে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে কেবল বাকলজোড়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এখানে দলটি বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামকে প্রার্থী মনোনীত করেছে। এখানে বিএনপিরও কোনো বিদ্রোহী প্রার্থী নেই। দলটির চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন আবদুল জব্বার।
বাকি ছয়টির মধ্যে কুল্লাগড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শুভ্রত রেমা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান পাঠান। এ ইউপিতে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়াল।
চণ্ডীগড়ে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আলতাবুর রহমান। মনোনয়নবঞ্চিত হয়ে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চান মিয়া ফকির। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন মজিবুর রহমান।
বিরিশিরি ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. মজিবুর রহমান ফকির। রফিকুল ইসলাম বলেন, ‘বিদ্রোহীকে বহিষ্কার না করায় কিছুটা চাপে আছি। তবে জনগণের ভোটে আমি তিনবার চেয়ারম্যান হয়েছি। এবারও অবস্থান ভালো।’ মজিবুর রহমান বলেন, ‘ভোটাররা এবার আমাকেই চাইছে।’ এখানে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাক আহাম্মদ।
কাকৈরগড়ায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন শিব্বির আহাম্মেদ তালুকদার। বিদ্রোহী হয়েছেন কমর উদ্দিন ও মামুনুর রহমান বেগ। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মীর নূর মোহাম্মদ। উপজেলায় একমাত্র এখানেই দলটির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তিনি এ কে এম ফজলুল হক।
দুর্গাপুর সদর ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহীনুর আলম। বিদ্রোহী হয়েছেন জিতু রেমা। বিএনপি মনোনয়ন দিয়েছে মো. আবদুল ছাত্তারকে।
গাঁওকান্দিয়ায় আওয়ামী লীগ প্রার্থী করেছে বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক সরকারকে। বিদ্রোহী হিসেবে মাঠে আছেন মো. আবদুল মতিন। আবদুর রাজ্জাক বলেন, ‘বিদ্রোহী প্রার্থী থাকায় বাধার সম্মুখীন হচ্ছি।’ আবদুল মতিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত।’ এখানে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন।
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সমস্যায় থাকার বিষয়টি স্বীকার করছে দুর্গাপুর আওয়ামী লীগ। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে ওই প্রার্থীদের বহিষ্কার করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী থাকায় তাঁদের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন। একটি ইউপিতে দলীয় সিদ্ধান্তের বাইরে বিএনপির একজন প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।