কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীর ছিটমহলসংশ্লিষ্ট ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
ফুলবাড়ীর তিনটি ইউপিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে গতকাল ১৬ জন চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া ওই তিন ইউপিতে সংরক্ষিত মহিলা আসনে ৫১ জন ও সাধারণ আসনে ১১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
ভূরুঙ্গামারীর তিনটি ইউপির চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত মহিলা সদস্যপদে ৩৯ ও সাধারণ সদস্যপদে ১০৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এর মধ্যে পাথরডুবি ইউপিতে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ এবং সাধারণ সদস্যপদে ৩১ জন, শিলখুড়ি ইউপিতে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৩ এবং সাধারণ সদস্যপদে ৩৭, সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৬, সাধারণ সদস্যপদে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার যাচাই-বাচাই, ১৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও ১৫ অক্টোবর প্রতীক বরাদ্দের পর ওই ছয় ইউপিতে ৩১ অক্টোবর নির্বাচন হবে।
গত বছরের ৩১ জুলাই ছিটমহল বিনিময়ের পর এবারই প্রথম নির্বাচনে ভোট দিতে পারবেন ছিটমহলের ভোটাররা।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীর ১১টি ছিটমহলের ২ হাজার ৯৯২ জন ভোটার ভোট দেবেন।