কিশোরগঞ্জের ছয় পৌরসভার কোনোটিতেই মেয়র পদে জাতীয় পার্টি (জাপা) ও জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রত্যাশী নেই। এসব পৌরসভায় মেয়র পদে ৭০ জন প্রার্থী প্রচার চালাচ্ছেন। এর মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও বিএনপির। কয়েকজন স্বতন্ত্র নির্বাচন করারও আগ্রহ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জের ১৩ উপজেলার মধ্যে পৌরসভা আটটি। এর মধ্যে কিশোরগঞ্জ, ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, করিমগঞ্জ ও হোসেনপুর পৌরসভায় নির্বাচন হচ্ছে। সীমানার জটিলতার কারণে স্থগিত আছে পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন। কটিয়াদী পৌরসভায় জাপার উপজেলা কমিটির সদস্য আলাউদ্দিনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলীয় সমর্থন পেতে চেষ্টা করবেন কি না, ঠিক নেই। এ ক্ষেত্রে জামায়াতের অবস্থান আরও নড়বড়ে।
দল দুটির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জে কখনোই জাপার ভিত শক্ত ছিল না। জামায়াতেরও একই হাল। তবে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসন থেকে মহাজোটের হয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুল হক সাংসদ নির্বাচিত হয়ে পরবর্তী সময়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হন। তাঁকে ঘিরে জেলায় নিজ দলের কিছুটা তৎপরতা বাড়লেও নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো অবস্থান হয়নি। এ কারণে দলটির কেউ প্রার্থী হতে আগ্রহী নন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার চলার প্রেক্ষাপটে জেলায় জামায়াতের রাজনীতির অবস্থা নাজুক। এ ছাড়া এই জেলার জামায়াতের বেশ কয়েকজন নেতাকে গত এক বছরে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। অনেক নেতা-কর্মী গ্রেপ্তার-আতঙ্কে আছেন এবং গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। একই কারণে কর্মীদের সঙ্গে নেতাদের যোগাযোগও কমে গেছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন করে ভালো করা যাবে না—এমন উপলব্ধি থেকে প্রতিদ্বন্দ্বিতায় আসতে চান না তাঁরা।
জামায়াতের ভৈরব উপজেলা শাখার আমির কামরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি আমাদের অনুকূলে নেই। সামগ্রিক অবস্থার আলোকে ভৈরব থেকে কাউকে প্রার্থী করতে পারিনি।’ কিশোরগঞ্জ জেলা কমিটির আমির আবদুস সালাম বলেন, ‘কিশোরগঞ্জ থেকে আমাদের দলের কেউ নির্বাচন করতে আগ্রহী কি না, আমার জানা নেই।’
দলীয় প্রার্থী দিতে না পারার বিষয়ে জেলা জাপার তথ্য ও গবেষণা সম্পাদক এন কে সোহেলের যুক্তি হলো, দলীয়ভাবে নির্বাচন করতে হবে—এমন ধারণা ছিল না তাঁদের। এ ছাড়া তফসিল ঘোষণায় তড়িঘড়ি করায় প্রস্তুতি নেওয়াও সম্ভব হয়নি। এ কারণে প্রার্থী দেওয়া যায়নি। তবে কটিয়াদী থেকে আলাউদ্দিন নামের এক নেতা দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে।