ছয়টির মধ্যে তিনটিই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র আছে। এর মধ্যে তিনটি প্রায় দুই বছর ধরে বন্ধ। অন্য তিনটিও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে চিকিৎসাসেবা পাচ্ছেন না নারীসহ হাজারো মানুষ। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ি, ধলঘাটা, হোয়ানক, শাপলাপুর, বড় মহেশখালী এবং কুতুবজোম ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ও একজন পরিবারকল্যাণ পরিদর্শকসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। কিন্তু লোকবল না থাকায় প্রায় দুই বছর ধরে ধলঘাটা, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রয়েছে। অন্য তিনটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও করুণ। এসব স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা নেই, শুধু উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আছেন। জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা-কার্যক্রম। তবে পরিবারকল্যাণ পরিদর্শক না থাকায় প্রসূতিসেবা বন্ধ আছে।সূত্র জানায়, ছয়টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৩০ জন লোকবল থাকার কথা। এর মধ্যে আছে মাত্র সাতজন। ছয়টি চিকিৎসক ও তিনটি উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাসহ ২৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।উপজেলার সাপমারার ডেইল এলাকার বাসিন্দা রহিমা বেগম ও খতিজা বেগম গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নামেই এগুলো স্বাস্থ্যকেন্দ্র। এখানে প্রসূতি নারীদের সেবা দেওয়ার কথা। কিন্তু বাস্তবে তা মেলে না। ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ধলঘাটার প্রায় ৪০ হাজার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার একমাত্র উপায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু এই কেন্দ্রে নিয়মিত একজন চিকিৎসক নিয়োগ না দেওয়ায় এলাকাবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, সপ্তাহে পাঁচ দিনের মধ্যে এক দিন ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। দুই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। মহেশখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রসূতি নারীদের গর্ভবতী সেবা, স্বাভাবিক প্রসবসেবা, গর্ভোত্তর সেবা, নবজাতকের সেবাসহ নানা সেবা দেওয়ার কথা। কিন্তু লোকবল সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।