
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনেই গতকাল রোববার আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন নতুন মুখ রয়েছেন।
দলীয় চিঠি পেয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার চারটি ইউনিয়ন) আসনে বর্তমান সাংসদ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) সাংসদ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) নতুন মুখ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সাংসদ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) নতুন মুখ বর্তমান সাংসদ আবদুল মজিদ মণ্ডলের ছেলে আবদুল মোমিন মণ্ডল ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সাংসদ হাসিবুর রহমান।
প্রথমবারের মতো ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক আবদুল আজিজ মনোনয়ন পাওয়ায় সিরাজগঞ্জ-৩ আসনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই আসনের বর্তমান সাংসদ গাজী ম ম আমজাদ হোসেনসহ সর্বোচ্চ ২০ জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সবাইকে পেছনে ফেলে মনোনয়ন পেয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এই নেতা। তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার প্রমুখ।
মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে তুমুল প্রচারণা। অনেকেই আবদুল আজিজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উপজেলার সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ফজলুল হক খান লিখেছেন, ‘শিক্ষিত, সজ্জন ও ব্যক্তিত্বসম্পন্ন চিকিৎসক আবদুল আজিজ মনোনয়ন পাওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা’।
রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কে এম রফিকুল ইসলাম লিখেছেন, ‘রায়গঞ্জ ও তাড়াশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং স্বাধীনতার চেতনা বাস্তবায়নে মহাজোট মনোনীত আবদুল আজিজকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন’।
মনোনয়নবঞ্চিত কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন সমর্থক বলেছেন, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যাঁকে দেওয়া হয়েছে, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। ফলাফল কী হয়, তার জন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’