ছয়তলা ভবন হঠাৎ ধসে পড়ল পাশের দুটি ভবনের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় ছয়তলা একটি ভবন পাশের দুটি ভবনের ওপর ধসে পড়লে ভবন দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পরই আতঙ্কিত বাসিন্দারা ঘরের জানালার গ্রিল ভেঙে বেরিয়ে আত্মরক্ষা করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত ছয়তলা ভবনটি ১৪/এ কৈলাশ ঘোষ লেনে অবস্থিত। প্রায় ৩০ বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল। জানা যায়, অপরিকল্পিত ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছিল। এ সময় হঠাৎ ভবনটির উপরের অংশ ধসে পড়ে। দুর্ঘটনায় একজন শ্রমিক আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া। কর্মরত অন্য শ্রমিকেরা পালিয়ে যান।দুর্ঘটনার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, সেনাসদস্য, কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান। উদ্ধারকাজ ঝুঁকিমুক্ত করতে একটি কারিগরি কমিটি এবং দুর্ঘটনার কারণ তদন্তে অন্য একটি কমিটি করা হয়েছে। কমিটি সাত দিনের মধ্যে তদন্ত ও অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবে। ভবনটি নির্মাণের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নেওয়া হয়নি বলে জানায় রাজউক। ওই এলাকায় রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান বলেন, জাতীয় নির্মাণ বিধিমালা অনুযায়ী কোনো ভবন ভাঙতে হলে রাজউক ছাড়াও বিভিন্ন সেবা সংস্থার অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা মানা হয়নি। ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূইয়া বলেন, ভবিষ্যতে এখানে বাড়ির নকশা অনুমোদনে এই বিষয়গুলো মাথায় রাখা হবে।ধসে পড়া ভবনটির মালিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে এলাহী মোহন। পাঁচ কাঠা জমির ওপর ছয়তলা পর্যন্ত নির্মাণের পর ছাদের ওপর অতিরিক্ত টিনশেডের ঘর নির্মাণ করা হয়। বহুতল ভবন নির্মাণের জন্য মাস খানেক ধরে ভবনটি ভাঙা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ বাড়িটির অংশবিশেষ পাশের ১৮ ও ১৯ নম্বর বাড়ির ওপর ধসে পড়ে। ধসে পড়া বেশির ভাগ অংশ ১৮ নম্বরের তিনতলা বাড়ির ওপর পড়ে। ভবনটিতে মালিক, ভাড়াটে পরিবারগুলোর প্রায় ৩০ জন লোক বাস করেন।১৮ নম্বর বাড়ির দোতলার বাসিন্দা নিরঞ্জন পাল প্রথম আলোকে জানান, পাশের ভবনটি যখন ধসে পড়ে, তখন একটি ঘরে তাঁরা তিনজন ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভূমিকম্প ভেবে লাফিয়ে উঠে তাঁরা আতঙ্কে এ-ঘর থেকে ও-ঘর দৌড়াতে থাকেন। তাঁরা যে ঘরে ছিলেন, সেটির এক পাশের দেয়াল ভেঙে গেছে। অপর বাসিন্দারা জানান, ভবনটির ধ্বংসাবশেষে তাঁদের বাড়ির সিঁড়ি ও প্রবেশপথ বন্ধ হয়ে যায়। পরে লোকজনের সাহায্যে একতলা ও দোতলার জানালার গ্রিল ভেঙে সবাই বেরোতে সক্ষম হন। ভবন ভাঙার কাজে নিয়োজিত ঠিকাদার সাজু মিয়া জানান, মঙ্গলবার সকালে প্রায় ২০ জন শ্রমিক কাজ শুরু করলে ভবনটি হেলে পড়ে। ঘণ্টা খানেক পর ভবনটির ওপরের তলাগুলো আপনা-আপনি ভেঙে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, কোনো ভবন পর্যায়ক্রমে ভাঙার নিয়ম থাকলেও ধসে পড়া ভবনটি সেভাবে ভাঙা হচ্ছিল না।