এক যুগ ধরে ভাঙছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী। সরেজমিন এসে বর্তমান পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু প্রায় আড়াই বছরেও ওই প্রতিশ্রুতির কাজ শুরু হয়নি। এর আগেও স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পাঁচবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কেউই প্রতিশ্রুতি পূরণ করেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ মে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শনে আসেন। পরে তাঁরা দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের মাঠে পথসভায় মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বর্ষা মৌসুমের আগেই চরকাছিয়ার ভাঙনরোধে কাজ শুরু করা হবে বলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনই ওই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগেও চারবার লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সাংসদ আবুল খায়ের ভূঞা ও চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক একবার ভাঙন প্রতিরোধের প্রতিশ্রুতি দেন।
দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার জানান, মেঘনা নদীর ভাঙনে গত চার-পাঁচ বছরে প্রায় ৩০০ একর আবাদি জমি ও দেড় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ভূমিহীন হয়েছে প্রায় ৫০০ পরিবার। নদীভাঙনে চরকাছিয়া গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। এখনই ভাঙন ঠেকাতে ব্যবস্থা না নিলে ভূমিহীন হয়ে পড়বে কমপক্ষে পাঁচ হাজার মানুষ।
কয়েকজন জনপ্রতিনিধি জানান, ১২ বছর ধরে স্থানীয় এমপি ও সরকারের অনেক কর্মকর্তা সরেজমিন এসে নদীভাঙনের চিত্র দেখেন। কিন্তু ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ পরিদর্শনে আসা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতিও ফাইলবন্দী হয়ে আছে। প্রতিশ্রুতিটি আর বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন তাঁরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীভাঙন পরিদর্শনে এসে প্রতিশ্রুতি দেওয়ায় আশার আলো দেখেন ভাঙনের হুমকিতে থাকা মানুষগুলো। কিন্তু মন্ত্রীদের প্রতিশ্রুতির আড়াই বছরেও কাজ শুরু না হওয়ায় হতাশ হন তাঁরা। এর আগেও এক সাংসদ ও প্রতিমন্ত্রী ভাঙন ঠেকানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাজী ইয়ার আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাঙনরোধের জন্য পাউবোর প্রধান কার্যালয়ে অর্থ বরাদ্দ চেয়ে একটি প্রকল্প দেওয়া হয়েছে। এখনো প্রকল্পের অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।