জ ই মামুনের গাড়িতে হামলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুনের গাড়িতে গত বুধবার রাতে হামলা হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় এ ঘটনা ঘটে। জ ই মামুন প্রথম আলোকে বলেন, বুধবার রাত রাত নয়টার দিকে গুলশানের লেকসোর হোটেলের কাছে একদল দুর্বৃত্ত তাঁর গাড়ি থামানোর চেষ্টা করে। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ির সামনে দুর্বৃত্তরা তাদের গাড়ি আড়াআড়িভাবে রেখে গতিরোধ করে। মামুন জানান, দুর্বৃত্তরা তাঁর গাড়ির দরজা ধরে টানতে থাকে, জানালার কাচে ধাক্কা দিতে থাকে। এ সময় তিনি জানালার কাচ একটু ফাঁকা করলে তাঁর কাছে গাড়ির চাবি চায় দুর্বৃত্তরা। তিনি চাবি দিতে অস্বীকার করলে তারা গাড়ির সামনের দিকের কাচে আঘাত করে। এমনকি গাড়ির ওপর উঠেও আঘাত করতে থাকে। একপর্যায়ে তারা পালিয়ে যায়।এ ব্যাপারে গুলশান থানায় মামলা হয়েছে।গুলশান থানা পুলিশ জানায়, হামলার সময় জ ই মামুন দুর্বৃত্তদের ব্যবহার করা গাড়ির নম্বর মনে রেখেছিলেন। পুলিশ বৃহস্পতিবার রাতে ওই নম্বরের গাড়ি ও এর মালিককে আটক করে থানায় নিয়ে আসে। পরে জ ই মামুন পুলিশকে জানান, হামলায় এ ধরনের গাড়ি ব্যবহূত হয়নি। পরে পুলিশ গাড়ি ও মালিককে ছেড়ে দেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ভুয়া নম্বরযুক্ত গাড়ি ব্যবহার করেছিলেন। পুলিশের গুলশান অঞ্চলের উপকমিশনার লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, এটা ছিনতাইয়ের ঘটনা নয়। উঠতি যুবকেরা এ ধরনের কাজ করে থাকতে পারে।